২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই শোয়েইনস্টাইগারই জার্মানির জয়ের নায়ক

ক্রোয়েশিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখায় অস্ট্রিয়ার বিপক্ষে গ্র"প পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি বাস্তিয়ান শোয়েইনস্টাইগার। ফিরলেন পর্তুগালের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে এবং সেটাও রাজসিকভাবে। নিজে এক গোল করলেন, ফ্রিকিক থেকে মিরোস্লাভ ক্লোসা ও মাইকেল বালাককে দিয়ে করালেন আরো দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 09:01 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

বাসেল, ২০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রোয়েশিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখায় অস্ট্রিয়ার বিপক্ষে গ্র"প পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি বাস্তিয়ান শোয়েইনস্টাইগার। ফিরলেন পর্তুগালের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে এবং সেটাও রাজসিকভাবে। নিজে এক গোল করলেন, ফ্রিকিক থেকে মিরোস্লাভ ক্লোসা ও মাইকেল বালাককে দিয়ে করালেন আরো দুটি। ফলাফল পর্তুগালের সঙ্গে জার্মানির ৩-২ গোলের জয়। বৃহস্পতিবার যে জয় দিয়ে ইউরো ২০০৮এর সেমিফাইনালে চলে গেছে জার্মানি। পর্তুগালের দুই গোলদাতা নুনো গোমেজ ও হেল্ডার পোস্টিগা। আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা ম্যাচের প্রথম আক্রমণ ছিল পর্তুগালের। চতুর্থ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো বাঁদিক থেকে ক্রস করলেও তা সরাসরি চলে যায় জার্মান গোলরক্ষক জেন্স লেম্যানের হাতে। ৫ মিনিট পর জার্মানিকে হতাশ করেন থমাস হিটসপার্গার। তার শট চলে যায় পর্তুগালের পোস্টের বাইরে দিয়ে। পরের মিনিটেই দারুণ এক আক্রমণের মাধ্যমে ডান দিক থেকে উড়ে আসা একটি ক্রসে নুনো গোমেজ ঠিক মতো মাথা লাগাতে পারলে গোল পেতে পারতো পর্তুগিজরা। ১৫ মিনিটের সময় আবার পর্তুগালের আক্রমণ। কিন্তু সিমাওয়ের শট ধরতে কোনো সমস্যাই হয়নি লেম্যানের। দুই মিনিট পর কর্নার থেকে বালাকের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যাওয়ার পর গোল করার দারুণ এক সুযোগ এসেছিল পর্তুগালের সামনে। কিন্তু হোয়াও মটিনহো উরু দিয়ে মেরে নষ্ট করেন সুযোগটা। ২২ মিনিটের সময় দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচান শোয়েইনস্টাইগার। হাফলাইনে বালাকের সঙ্গে ওয়ান-টু খেলে বাঁদিক দিয়ে ঢুকে পড়ে মাইনাস করেছিলেন লুকাস পোডলস্কি। গায়ের সঙ্গে লেগে থাকা 'মার্কার'কে বোকা বানিয়ে পর্তুগালের জালে বল পাঠাতে ভুল হয়নি শোয়েইনস্টাইগারের (১-০)। চার মিনিট পর আবার জার্মানির গোলোৎসব। শোয়েইনস্টাইগারের ফ্রিকিক থেকে ক্লোসার হেড ঠেকানোর কোনো সুযোগই পাননি পর্তুগিজ গোলরক্ষক রিকার্ডো (২-০)। ৩৫ মিনিটের সময় ব্যবধান কমানোর সুযোগ এসেছিল পর্তুগালের সামনে। কিন্তু দারুণ এক আক্রমণ থেকে পাওয়া সুযোগটা কাজে আসেনি নুনো গোমেজ ব্যর্থ হওয়ায়। তবে ৫ মিনিট পর ঐ নুনো গোমেজই আনন্দে ভাসিয়েছেন পর্তুগিজদের। বাঁদিক দিয়ে বিপজ্জনকভাবে ঢুকে পড়া রোনালদোর শট লেম্যান ফেরালেও ফাঁকায় দাঁড়িয়ে থাকা পর্তুগাল অধিনায়কের শট গোললাইন থেকে ফেরাতে পারেননি জার্মান ডিফেন্ডার ক্রিস্টফ মেটজেল্ডার (২-১)। বিরতির ঠিক আগে দু দলই দারুণ সুযোগ পেয়েছিল গোল করার। কিন্তু বালাকের শট ঠেকিয়ে দেন রিকার্ডো। আর রোনালদোর কোনাকুনি শট লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য। বৃষ্টির মধ্যে শুরু হওয়া দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ এসেছিল জার্মানির সামনে। কিন্তু বক্সের বাইরে থেকে হিটসপার্গার অনেক ওপর দিয়ে মেরে নষ্ট করেন সুযোগটা। তারপরই পর্তুগালের দুটো আক্রমণের জন্ম। ৫৫ মিনিটে রোনালদোর শট সরাসরি লেম্যানের হাতে চলে যাওয়ার মিনিট দুয়েক পর ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করে পর্তুগিজরা। ডেকোর কর্নার থেকে পেপের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে না গেলে সমতায় ফিরতে পারতো তারা। তা তো হয়ইনি উল্টো ৬১ মিনিটের সময় ব্যবধান বেড়ে যায় বালাকের গোলে। শোয়েইনস্টাইগারের ফ্রিকিকে হেড করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন জার্মানির অধিনায়ক। এর পর উজ্জীবিত জার্মান ডিফেন্সে ঢুকতে না পেরে হতাশায় বাইরে থেকে শট নিয়েছেন ডেকো-ন্যানি-সিমাওরা। কিন্তু সেগুলো জার্মানির পোস্ট খুঁজে পায়নি। তারপরও স্কোরলাইনটা ৩-২ হয় বদলি হিসাবে নামা পোস্টিগার দারুণ এক হেডে। ৮৭ মিনিটে আরেক বদলি ন্যানির ক্রস থেকে ব্যবধান কমান তিনি। তবে এই গোলটা পর্তুগিজদের হতাশাই বাড়িয়েছে শুধু। কারণ বাকি সময়টা দাঁতে-দাঁত-চেপে লড়াই করে তাদের ঠেকিয়ে দেয় টুর্নামেন্টের রেকর্ড তিন বারের চ্যাম্পিয়ন জার্মানি, আর তার পর মেতে ওঠে শেষ চারে যাওয়ার আনন্দে। পাঁজরের ইনজুরির জন্য জার্মানির মিডফিল্ডার টরস্টেন ফ্রিঞ্জ খেলতে পারেননি এই ম্যাচে। তার জায়গায় নেয়া হয়েছিল সিমন রলফ্সকে। আর লালকার্ড পাওয়ায় আগের ম্যাচে দলের বাইরে থাকা শোয়েইনস্টাইগার ফিরেছেন ক্লেমেন্স ফ্রিৎজের জায়গায়। অন্যদিকে প্রত্যাশিতভাবে পর্তুগাল প্রথম দুই ম্যাচের দলটিই নামিয়েছিল মাঠে। তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বিজয়ী দলটি নিয়েই প্রথম একাদশ সাজিয়েছিলেন পর্তুগালের কোচ লুই ফেলিপে স্কলারি। 'টাচলাইন ব্যান' বা সাইড লাইনের বাইরে থাকার সাসপেনশনের জন্য গ্যালারিতে বসে ম্যাচটা দেখতে হয়েছে জার্মানির কোচ জোয়াকিম লউকে। তবে তার সেই দুঃখ মুছে গেছে ম্যাচশেষে। আর স্কলারিকে বিদায় নিতে হয়েছে একরাশ হতাশা নিয়ে। আক্ষরিক অর্থেই বিদায়। কারণ ইউরো ২০০৮ শেষে ইংলিশ ক্লাব চেলসির কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন 'বিগ ফিল' নামে ফুটবল-বিশ্বে পরিচিত স্কলারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০২৫৯ঘ.