২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল গুছিয়ে নিল শেখ রাসেল, শেষ মুহূর্তে ব্যস্ত অন্যরাও

বি. লিগের দলবদল শেষ হওয়ার আগের দিন ক্লাব আর খেলোয়াড়দের পদচারনায় মুখর হয়ে উঠল বাফুফে ভবন। বড় দলগুলোর মধ্যে শেখ রাসেল ক্রীড়াচক্র বৃহস্পতিবার সদলবলে এসে উপস্থিত হয়েছে বাফুফে ভবনে। এসেছে ফরাশগঞ্জ, চট্টগ্রাম মোহামেডান ও দলবদলের সূচনা করা আরামবাগও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 05:41 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বি. লিগের দলবদল শেষ হওয়ার আগের দিন ক্লাব আর খেলোয়াড়দের পদচারনায় মুখর হয়ে উঠল বাফুফে ভবন। বড় দলগুলোর মধ্যে শেখ রাসেল ক্রীড়াচক্র বৃহস্পতিবার সদলবলে এসে উপস্থিত হয়েছে বাফুফে ভবনে। এসেছে ফরাশগঞ্জ, চট্টগ্রাম মোহামেডান ও দলবদলের সূচনা করা আরামবাগও। বাকি আছে মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ ও খুলনা আবাহনীর দলবদলের আনুষ্ঠানিকতা। তা সেরে ফেলতে হবে শুক্রবার রাতের মধ্যেই। মানে এই ছুটির দিনেও উৎসবমুখর হয়ে উঠবে বাফুফে। । বৃহস্পতিবার আকর্ষনের কেন্দ্রবিন্দুতে ছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। তাদের সভাপতি নুরুল আলম চৌধুরী এবারের দলকে আগের চেয়ে ব্যালান্সড দাবি করেছেন, "দুটো প্রিমিয়ার ও প্রথম বি. লিগের পর এবার আমাদের দলটা ব্যালান্সড হয়েছে বলেই মনে করছি। আগে আমরা ভাল করলেও পরিপক্কতার ও টেম্পারামেন্টের অভাবে একটু পেছনে পড়ে যেতাম। এবার জাতীয় দলের কয়েকজন ফুটবলারকে নিয়ে ভাল দল গড়েছি।" শেখ রাসেল প্রথমবারের মতো নিয়েছে বড় তারকা, জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদকে। আছেন জাতীয় দল থেকে বাদ পড়া গোলরক্ষক টিটু (মুক্তিযোদ্ধা), সাইফুল (মুক্তিযোদ্ধা), পারভেজ বাবু ও মনোয়ার (ব্রাদার্স)। থেকে গেছেন গতবারের দলের মাহমুদুল হাসান ও তানভীর। জাতীয় সাবেক খেলোয়াড়দের পাশাপাশি তারা ধরে রেখেছে ডিফেন্ডার জহিরুল, আমিনুল স্ট্রাইকার বুলবুল এবং অভিজ্ঞ দুই মিডফিল্ডার মাসুদ খান জনি ও নুরুল ইসলামকে। এদের সৌজন্যে প্রথম বি. লিগে চতুর্থ হওয়া দলটি এবার শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছে। "এবার অবশ্যই আমাদের লক্ষ্য বি.লিগ চ্যাম্পিয়নশিপ। আমরা কয়েকজন ভাল বিদেশী সংগ্রহ করতে পারলে এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া তেমন কঠিন কাজ হবে না বলে আমার বিশ্বাস"----- বলেছেন নুরুল আলম চৌধুরী। এজন্য তারা ইতিমধ্যে মরোক্কোর ফুটবলারদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে। তাদের পছন্দ মিডফিল্ডার ইগির মোহাম্মদ ও স্ট্রাইকার তোয়াতি ইউনেসকে, সঙ্গে একজন তরুন মিডফিল্ডারকে আনার চেষ্টা চলছে বলে দাবি করেছেন শেখ রাসেল কর্মকর্তা। দলবদলে ক্ষতিগ্রস্ত হয়েছে ফরাশগঞ্জ। তারা হারিয়েছে তরুণ গোলরক্ষক বিপ্লব, জাতীয় দলের ডিফেন্ডার অরূপ বৈদ্য, স্ট্রাইকার রবিন এবং ডিফেন্ডার রাজীব, রনি, লিটন ও খালেদের মতো তরুন তুর্কিদের। তবে ফরাশগঞ্জ কোচ কামাল বাবুর দাবী অনুযায়ী প্রতিভাবান ফুটবলারদের দিয়েই জায়গা পূরণ করা হয়েছে। ফরাশগঞ্জে থেকে গেছেন ডিফেন্ডার আবু ফয়সাল, মামুন মিয়া ও মিডফিল্ডার কবির ও আমিরুল। ওদিকে চট্টগ্রাম মোহামেডানের কোচ ইউসুফ দল সাজিয়েছেন একেবারে নতুন মুখ দিয়ে। তাদের লক্ষ্য ষষ্ঠ স্থানটা ধরে রাখা। প্রথমে দলবদল শুরু করা আরামবাগ বৃহস্পতিবার আরো কয়েকজনকে দলে টেনে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.