ঢাকা, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- স্কোরলাইন সবসময় ম্যাচের পুরো চিত্র ফুটিয়ে তোলে না। ফুটিয়ে তুললে সুইডেনের বিপক্ষে 'ডি' গ্র"পের একাধিপত্যের ম্যাচে রাশিয়ার জয়টা ২-০ গোলের না হয়ে আরো বেশি ব্যবধানের হয়! তবে তাতে কী? 'জিততেই হবে'- এমন সমীকরণ মিলিয়ে ঠিকই ইউরো ২০০৮ এর কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে রাশিয়ানরা। ২৪ মিনিটে রোমান পাভলুচেঙ্কো ও ৫০ মিনিটে আন্দ্রেই আরশাভিনের গোলে বিদায় নিয়েছে সুইডেন, যাদের শেষ আটে পৌছাতে হলে এই ম্যাচে ড্র করলেই চলতো। ২১ জুনের কোয়ার্টার ফাইনালে তাই নেদারল্যান্ডসের প্রতিপক্ষ রাশিয়াই।
এই গ্র"প থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলা স্পেন এদিন শতভাগ সাফল্য নিশ্চিত করেছে। যদিও বর্তমান চ্যাম্পিয়ন গ্রিসের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচে দ্বিতীয় সারির দলই নামিয়েছিল তারা। কিন্তু তাতেও সুবিধা করে উঠতে পারেনি গ্রিকরা। অবশ্য আগে গোল করে তারা স্বান্তনার জয় নিয়ে বাড়ী ফেরার সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত ১-২ গোলের হারে তাদের খালি হাতেই ফিরতে হচ্ছে। 'ডি' গ্র"প চ্যাম্পিয়ন স্পেন ২২ জুনের কোয়ার্টার ফাইনালে সামনে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে।
রানার্স আপ হওয়ার দৌড়ে সুবিধাজনক অবস্থায় থাকা সুইডেনের বিপক্ষে আন্দ্রেই আরশাভিনকে নামাবেন কিনা, তা নিয়ে দোটানায় ছিলেন রাশিয়ার ডাচ কোচ গাস হিডিঙ্ক। দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষে এই ফরোয়ার্ডকে নামানোর সুফল অবশ্য হাতেনাতেই পেয়েছেন তিনি। ১৯৮৮-র ইউরোর ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারের ২০ বছর পর রাশিয়াকে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের নকআউট পর্যায়ে তুলে নেওয়ার ক্ষেত্রে যে আরশাভিনের বড় ভূমিকা।
শুরু থেকেই সুইডেনের রক্ষণে আক্রমণের ঝড় বইয়ে দিতে থাকা রাশিয়া ২০ মিনিটে তার গোলেই এগিয়ে যেতে পারতো। বাম প্রান্ত থেকে তার নেওয়া শটে দুর্দান্ত এক গোল হতে হতেও হয়নি প্রতিপক্ষের গোলকিপারের দৃঢ়তায়। পরের মিনিটে ইউরি ঝিরকভের ভলিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক আক্রমণের সাফল্য এসে ধরা দিতে অবশ্য বেশি সময় লাগেনি। ২৪ মিনিটে ডান প্রান্ত ধরে উঠে আসা ইগর শেমশভের বাড়ানো বল বক্সের ভেতর খুঁজে পায় আলেক্সান্ডার আনুকভের পা। তার মাইনাস থেকে মুহূর্তেই বল জালে পাঠিয়ে দিয়ে রাশিয়াকে এগিয়ে দেন (১-০) রোমান পাভলুচেঙ্কো।
৩৫ মিনিটে এই স্ট্রাইকার ব্যবধান দ্বিগুণ করেই ফেলেছিলেন প্রায়। কিন্তু তার গোলপ্রচেষ্টা বাঁধা পায় পোস্টে। প্রথমার্ধে এর আগে-পরে সুইডেনের বলার মতো সুযোগ একটাই। অ্যান্ডার্স সভেনসনের ক্রসে হেনরিক লারসেনের মাথা ছোঁয়ানো বল ক্রসপিচে লাগলে সমতা ফেরানোর সুযোগ হারায় সুইডিশরা। ৫০ মিনিটে তো আরশাভিনের গোল আর তাদের জন্য ফেরার কোনো সুযোগই রাখেনি। ঝিরকভের বাড়ানো বল ডান পায়ে জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করা আরশাভিনের নামের পাশে যেমন একাধিক গোল থাকতে পারতো, তেমনি অজস্র সুযোগের আরো কিছু কাজে লাগালে স্কোরলাইনটাও রাশিয়ার একাধিপত্যের অনুবাদটা করত।
অন্য ম্যাচে খেলার ধারার বিরুদ্ধে ম্যাচের ৪২ মিনিটে গোল করে বসে গ্রিস। গিওর্গিস কারাগুনিসের ফ্রিকিকে উড়ে আসা বলে হেড করে লক্ষ্যভেদ করেন অ্যাঞ্জেলোস হারিস্তিয়াস। এই গোলটা অন্যরকম আনন্দে ভাসায় গ্রিকদের। কারণ র্বতমান চ্রাম্পিয়ন হিসেবে খেলতে এসে এবারের ইউরোতে এটাই তাদের প্রথম এবং শেষ গোল। তবে এই গোল তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৬০ মিনিটে মিডফিল্ডার রুবেন ডি লা রেড সমতা ফেরান। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে স্ট্রাইগার ডেনিয়েল গুইজার জোরালো হেড স্প্যানিশদের জয় নিশ্চিত করে। দেশের হয়ে গুইজার প্রথম গোল স্প্যানিশদের আন্তর্জাতিক ফুটবলে টানা নবম জয়ও এনে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে এই কৃতিত্বটাও দারুণ চাঙ্গা রাখবে স্প্যানিশদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/০২৫৮ঘ.
bdnews24