বাসেল, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই জার্মানিকে নিয়ে একটা শঙ্কার মধ্যে ছিল পর্তুগাল। নকআউট পর্বে জার্মানির মুখোমুখি হওয়ার সেই শঙ্কাই এখন পর্তুগিজদের জন্য বাস্তবতা! বৃহস্পতিবার ইউরো ২০০৮-এর প্রথম কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়নদের সামনে দাঁড়ানোর আগে লুই ফেলিপে স্কলারির দল অবশ্য কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে। প্রথম দুই ম্যাচ জিতে 'এ' গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যাওয়ায় রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে প্রায় দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন পর্তুগালের কোচ স্কলারি। এক সপ্তাহ বিশ্রাম পাওয়ায় জার্মানির বিপক্ষে রোনালদো-ডেকোদের অনেক বেশি তরতাজা থাকারই কথা।
পর্তুগালের মতো গ্র"পের শেষ ম্যাচে দলের সেরা তারকাদের বিশ্রাম দেয়ার বিলাসিতা দেখানো সম্ভব হয়নি জার্মানির কোচ জোয়াকিম লউয়ের। প্রথম ম্যাচে ভালো খেলে পোল্যান্ডকে ২-০ গোলে হারালেও পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ১-২ গোলের পরাজয় তাদের দুর্ভাবনার মধ্যে ফেলে দিয়েছিল। তবে সব শঙ্কা দূর হয়ে গেছে মাইকেল বালাকের বুলেট গতির এক শটে। সেই শট থেকে পাওয়া অসাধারণ এক গোলেই সহ-স্বাগতিক অস্ট্রিয়াকে হারিয়ে জার্মানি এখন পর্তুগালের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। যে ম্যাচের আগে তাদের উদ্বুদ্ধ করতে পারে স্কলারির একটি মন্তব্য। পোল্যান্ডকে হারানোর পর জার্মানি সম্পর্কে পর্তুগালের কোচ বলেছিলেন, "ট্যাকটিক্যালি জার্মানির চেয়ে ভালো কোনো দল নেই।"
পরের দুই ম্যাচে অবশ্য সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বালাক-ক্লোসারা। তারপরও অধিনায়ক বালাকের এক মুহূর্তের ঝলকে সব সংশয় উড়িয়ে দিয়ে আজ তারা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শামিল। কিন্তু সেই লড়াইয়ের ঠিক আগে দু জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় জার্মান শিবির। এখন পর্যন্ত জার্মানির পক্ষে সর্বোচ্চ তিন গোল করা লুকাস পোডলস্কির কাফ মাসলে সমস্যা। আর মিডফিল্ডার টরস্টেন ফ্রিঞ্জ ভুগছেন পাঁজরের ইনজুরিতে।
সোমবার অস্ট্রিয়ার সঙ্গে ইনজুরি নিয়ে পুরো ম্যাচ খেললেও কাউকে কিছু বলেননি ফ্রিঞ্জ। পর দিন এক্স-রেতে ধরা পড়ে পাঁজরে চিড় ধরার তথ্য। জার্মানির ম্যানেজার অলিভার বিয়েরহফ ফ্রিঞ্জকে নিয়ে ন্যুনতম ঝুঁকি না নেয়ার কথাই জানালেন সবার আগে, "চিকিৎসকরা বড় ধরনের ইনজুরির সামান্যতম আশঙ্কার কথা বললেও তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেবো না। তবে তাকে কৃতিত্ব দিতে হবেই। খেলার জন্য সে অধীর হয়ে আছে।" পোডলস্কি সম্পর্কেও নিরাপদ পথেই হাঁটলেন ইউরো ৯৬-এর ফাইনালে দুই গোল করে জার্মানিকে জয় এনে দেয়া বিয়েরহফ, "গত ২৪ ঘন্টায় তার অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে। তবে পেশির ইনজুরি সম্পর্কে আগে থেকে কিছু বলা খুব কঠিন।" আর সেজন্যই ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে পোডলস্কি-ফ্রিঞ্জের ব্যাপারে সিদ্ধান্ত নেবে জার্মানি।
একটা দুঃসংবাদ অবশ্য ইতিমধ্যেই পেয়ে গেছে তারা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে তর্ক করার 'অপরাধে' লালকার্ড দেখে মাঠ ছেড়ে গ্যালারিতে চলে যেতে হয়েছিল জোয়াকিম লউকে। বৃহস্পতিবারও শিষ্যদের সঙ্গে থাকতে পারবেন না জার্মানির কোচ। এক ম্যাচের 'টাচলাইন ব্যান' বা সাইড লাইনের পাশে থাকার নিষেধাজ্ঞার কারণে গ্যালারিতে বসেই খেলা দেখতে হবে তাকে।
সুইজারল্যান্ডের কাছে হেরে গেলেও জার্মানির মুখোমুখি হওয়ার আগে পর্তুগাল বেশ নির্ভার। বিশেষ করে প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে স্কলারি দারুণ খুশি, "প্রথম দুই ম্যাচেই দ্বিতীয়ার্ধে আমরা খুব ভালো খেলেছি। আমরা বল নিয়ে কারুকার্য করতে পছন্দ করি। আর সেটাই আমাদের কোয়ালিটি।" এই ম্যাচে অনেক ফুটবল-বিশেষজ্ঞ পর্তুগালকে কিছুটা এগিয়ে রাখলেও নিজেদের ফেভারিট মানতে রাজি নন রোনালদো, "আমার কাছে ফেভারিটের তকমার কোনো মূল্য নেই। আমি শুধু আশা করছি পর্তুগাল যেন তাদের সেরা খেলাটা খেলতে পারে।"
দলের বাইরে ব্যক্তিগত একটি লড়াইও অবশ্য অপেক্ষা করছে রোনালদোর জন্য। লড়াইটা শোয়েইনস্টাইগারের সঙ্গে। গত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শোয়েইনস্টাইগারের দুই গোলের সুবাদেই পর্তুগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিক জার্মানি। স্টুটগার্টের সেই ম্যাচটি আজো রোমাঞ্চ জাগায় জার্মানির এই ফরোয়ার্ডের মনে, "বিশ্বকাপের সেই ম্যাচটা দুর্দান্ত কেটেছিল আমার।"
যদিও কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ সম্পর্কে তার কণ্ঠে যথেষ্ট সতর্কতা, "এই ম্যাচটা আরো বেশি কঠিন হবে আমাদের জন্য। (বিশ্বকাপের পর থেকে) পর্তুগাল অনেক উন্নতি করেছে। আমার মনে হয় এই টুর্নামেন্টে ওরাই সবচেয়ে শক্তিশালী দল। মাঠে একই রকম লড়াকু মনোভাব নিয়ে রোনালদোর মুখোমুখি হবো আমি। তবে পর্তুগাল দলে তো শুধু রোনালদোই নেই। ডেকো, সিমাও, (হোয়াও) মটিনহোদের মতো ভালো খেলোয়াড়ও আছে তাদের দলে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ বেশ কয়েক জন গ্রেট ফুটবলারকে তারা পাচ্ছে। ম্যাচটা তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হতে যাচ্ছে।" ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে মাথা গরম করে এক জনকে ধাক্কা মেরে লালকার্ড পাওয়ায় অস্ট্রিয়ার সঙ্গে খেলতে পারেননি শোয়েইনস্টাইগার। তবে বৃহস্পতিবার তাকে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দিয়ে রেখেছেন লউ।
গত বিশ্বকাপে পাত্তা না পেলেও ইউরোতে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে জার্মানিকে কিন্তু দাঁড়াতেই দেয়নি পর্তুগাল। ইউরো ২০০০-এর গ্র"প পর্বের সেই ম্যাচে তারা জিতেছিল ৩-০ গোলের পরিষ্কার ব্যবধানে। বাসেলের সেন্ট জ্যাকব পার্কে জার্মানির সঙ্গে লড়াইয়ের সময় ঐ ম্যাচটাই পর্তুগিজদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২৫ঘ.
bdnews24