২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসুফের অভিযোগ উড়িয়ে দিলেন বাদল রায়

কলম্বোতে তিনি নিজের চোখে দেখেছেন বাংলাদেশ দলের পারফরম্যান্স। এই পতনের কারণ খুঁজতে গিয়ে তিনি কোচ-খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। তারপর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিজেই একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেটা হচ্ছে বর্তমান অবস্থায় বাংলাদেশে বিদেশী কোচের কোনো বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- কলম্বোতে তিনি নিজের চোখে দেখেছেন বাংলাদেশ দলের পারফরম্যান্স। এই পতনের কারণ খুঁজতে গিয়ে তিনি কোচ-খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। তারপর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নিজেই একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সেটা হচ্ছে বর্তমান অবস্থায় বাংলাদেশে বিদেশী কোচের কোনো বিকল্প নেই। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় দেশে ফিরেছেন আগেই। এতদিন মিডিয়াকে এড়িয়ে গেলেও বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি কলম্বোতে যে পারফরম্যান্স দেখেছি তাতে মনে হয়েছে এখন আমাদের বিদেশী কোচের কোনো বিকল্প নেই। আমাদের যে পতন সেখান থেকে টেনে তোলার কাজটা দেশী কোচ দিয়ে হবে না।" কিন্তু অর্থসংস্থান করা হয়নি বলে বাফুফে সভাপতি এখনো বিদেশী কোচের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। তবে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন সালাউদ্দিন। পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্র"প পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশের কোচ আবু ইউসুফ বাফুফের অধীনে চাকরি থেকে অব্যাহতি চেয়েছেন। কলম্বোর এই ভড়াডুবির পর মিডিয়াতে ভীষণভাবে সমালোচিত হচ্ছে বাংলাদেশের ফুটবল। কোচ আবু ইউসুফও ব্যর্থতার দায় স্বীকার করে নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন বাফুফেতে। সেই রিপোর্টে কোচ অভিযোগের সুরে কিছু কথা বলেছেন বলে খবর। তার অঙ্গুলিটা জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি ও দলের ম্যানেজার শেখ মোহাম্মদ আসলামের দিকে। এবং পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারেননি বলেও অভিযোগ করেছেন কোচ। এসব অভিযোগ খন্ডন করে বাফুফে সহ সভাপতি বাদল রায় বলেছেন, "কোচ মিডিয়াতে যে হস্তক্ষেপের কথা বলেছেন তা মোটেও ঠিক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটায় তো আমি কলম্বোয় ছিলাম, কোচ নিজেই দল নির্বাচন করেছেন। দলের ম্যানেজার সাবেক ফুটবলার আসলামের পরামর্শকে হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করলে তো কিছু করার নেই।" আর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধেও কোচের অভিযোগ আছে। বাদল রায়ের সাফ জবাব, "যা কিছু করা হয়েছে সবই দলের মঙ্গলের জন্য। আমি কতটুকু পর্যন্ত যেতে পারি সেই ব্যাপারে আমি খুব সর্তর্ক। তাই কোচ স্বাধীনভাবে কাজ করতে পারেননি, কথাটা ঠিক নয়। ভাল পারফরম্যান্সের জন্য বিদেশে প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা এবং ইন্স্যুরেন্সের ঘোষণাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পর কোচের এরকম মন্তব্য দুর্ভাগ্যজনক।" আবু ইউসুফ বরাবরই সিনিয়র-বিরোধী। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর পরই গত কমিটির এক কর্মকর্তার সঙ্গে মিলে সিনিয়র হটাও আন্দোলনে শরীক হয়েছিলেন এই কোচ। ইতিমধ্যে ক্ষমতার পালাবদল হয় বাফুফেতে, কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব নেয়। তারপর জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি দলের শক্তি বৃদ্ধি করতে কয়েকজন সিনিয়র ফুটবলারকে ফোরানোর উদ্যোগ নেয়। আরিফ খান জয় ও নজরুল ইসলামকে অবসর থেকে দলে ফিরিয়ে নিয়ে এলেও তা পছন্দ হয়নি আবু ইউসুফের। ওই সময় কিছু না বললেও এখন তিনি আকারে-ইঙ্গিতে সেটা বলার চেষ্টা করছেন। এএফসির অর্থায়নে বাফুফে কোচ হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন গত মার্চে। কলম্বো থেকে ফিরে পদত্যাগপত্র জমা দিয়ে এই দেশী কোচ কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি বিদেশী কোচেরও কাজ করার পরিবেশ নেই বলে মন্তব্য করেন। জবাবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বলেছেন, "আমার মনে হচ্ছে, তিনি কোনো একটা মহলের চাপে এ ধরনের কথা বলছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.