২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইতালি, রুমানিয়াও ব্যর্থ

বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে পরাজয়ের প্রতিশোধ নিতে পারেনি ফ্রান্স, পারেনি কোয়ার্টার ফাইনালে যেতেও। সারা ম্যাচে দারুণ খেলা ইতালি ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে 'সি' গ্র"পের রানার্সআপ হিসাবে পৌঁছে গেছে ইউরো ২০০৮এর শেষ আটে। আন্দ্রিয়া পির্লো ও ড্যানিয়েল ডি রসির লক্ষ্যভেদে জয় পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী রোববার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 07:47 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

জুরিখ/বার্ন, ১৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে পরাজয়ের প্রতিশোধ নিতে পারেনি ফ্রান্স, পারেনি কোয়ার্টার ফাইনালে যেতেও। সারা ম্যাচে দারুণ খেলা ইতালি ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে 'সি' গ্র"পের রানার্সআপ হিসাবে পৌঁছে গেছে ইউরো ২০০৮এর শেষ আটে। আন্দ্রিয়া পির্লো ও ড্যানিয়েল ডি রসির লক্ষ্যভেদে জয় পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা আগামী রোববার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। তার আগের দিন নেদারল্যান্ডসের প্রতিপক্ষ সুইডেন অথবা রাশিয়া। মঙ্গলবার অন্য ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলে রুমানিয়াই গ্র"পের দ্বিতীয় স্থান দখল করে চলে যেতো শেষ আটে। কিন্তু তা হয়নি। আগেই 'সি' গ্র"পের শীর্ষস্থান নিশ্চিত করা ডাচরা দ্বিতীয় সারির দল নিয়েও জয়ের শতভাগ কৃতিত্ব ধরে রেখে ২-০ গোলে হারিয়েছে রুমানিয়াকে। বিরতির পর গোল দুটো করেছেন ক্লাস জ্যান হান্টেলার ও রবিন ফন পার্সি। জুরিখে ইতালির বিপক্ষে আক্রমণাত্মক মনোভাব নিয়েই শুরু করেছিল ফ্রান্স। প্রথম তিন মিনিটের মধ্যে দুটো কর্নারও আদায় করে নিয়েছিল তারা। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। বরং ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল ইতালি। এরিক আবিদালের ভুলে একটি লং বল থেকে পাওয়া সুযোগটা নষ্ট হয়েছে লুকা টনি সাইড বারের বাইরে দিয়ে মারায়। নবম মিনিটে ইনজুরিতে পড়ে ফ্র্যাঙ্ক রিবেরি মাঠের বাইরে চলে যাওয়ায় বড় একটা ধাক্কা খেয়েছে ফ্রান্স। রিবেরির জায়গায় নেমেছেন সামির নাসরি। এর পরপরই কর্নার থেকে ক্রিস্টিয়ান পানুচ্চির হেড গোললাইন থেকে ফিরিয়ে ফ্রান্সকে রক্ষা করেন ক্লদ ম্যাকেলেলে। ২১ মিনিটে আন্দ্রিয়া পির্লোর বাড়িয়ে দেয়া বল সিমোনে পেরোত্তা ঠিক মতো রিসিভ করতে না পারায় আরেকবার আক্ষেপে পুড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের। ২৪ মিনিটের সময় দারুণ নাটকীয় এক ঘটনা। বক্সের মধ্যে অরক্ষিত টনিকে ব্যাক ট্যাকল করে লালকার্ড দেখেন আবিদাল। ইতালিও পায় পেনাল্টি। সুযোগটার সদ্ব্যবহার করতে ভুল হয়নি পির্লোর (১-০)। তিন মিনিট পর ছোট বক্সের ঠিক ওপরে থাকা টনির অ্যাক্রোবেটিক ভঙ্গিতে নেয়া একটি শট পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে ব্যবধানটা ২-০ও হতে পারতো। ঐ টনিই পরের দুই মিনিটে দুটো অমার্জনীয় মিস করেছেন। তার দুটো শটই চলে গেছে পোস্টের বাইরে দিয়ে। ৩৩ মিনিটে থিয়েরি অঁরির মাটিঘেঁষা শট পোস্টের অল্প বাইরে দিয়ে চলে না গেলে সমতায় ফিরতে পারতো ফ্রান্স। ১০ মিনিট পর ফ্রিকিক থেকে ফ্যাবিও গ্রসোর দারুণ শট ফ্রান্সের গোলরক্ষক গ্রেগরি কুপের হাত স্পর্শ করে সাইড বারে লেগে ফিরে এসে আবারো হতাশ করে ইতালিকে। প্রথমার্ধে তাই এক গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে 'আজ্জুরি'দের। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। কিন্তু করিম বেনজেমা ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে এবং ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন থিয়েরি অঁরির দুটো দুর্বল শট ঠেকিয়ে দিয়ে হতাশ করেন বিশ্বকাপের রানার্সআপদের। উল্টো ৬২ মিনিটে ব্যবধান ২-০ করে ফেলে ইতালীয়রা। ফ্রিকিক থেকে ড্যানিয়েল ডি রসির জোরালো শট অঁরির গায়ে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় ফ্রান্সের জালে। তার ঠিক আগেই অবশ্য ফ্রান্সের গোলরক্ষক কুপেকে একা পেয়েও গোল করতে পারেননি টনি। ৭৪ মিনিটে ইতালি রক্ষা পায় বুফনের দৃঢ়তায়। বক্সের ঠিক বাইরে থেকে বেনজেমার বাঁক খাওয়ানো জোরালো একটি শট কর্নারের বিনিময়ে দুর্দান্তভাবে সেভ করেন অনেকের মতেই বিশ্বের সেরা গোলরক্ষক। গাত্তুসোর বদলে মাঠে নামা মাউরো কামোরানেসির একটি প্রচেষ্টা ৮৬ মিনিটে প্রতিপক্ষের এক জনের গায়ে লেগে একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ব্যবধান আরো বাড়িয়ে নিতে পারতো ইতালি। শেষ মুহূর্তে টনি আবারো মেরেছেন বাইরে দিয়ে। তবে তাতে কোনো ক্ষতি হয়নি চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ফ্রান্সকে পরিষ্কার ব্যবধানে হারিয়ে তারা মেতে উঠেছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আনন্দে। যদিও শেষ চারে ওঠার লড়াইয়ে গাত্তুসো ও পির্লোকে তারা পাচ্ছে না। দু জনই দুটো করে হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের সাসপেনশনের খাঁড়ায় কাটা পড়েছেন। এই ম্যাচে ফ্রান্স দলে রাখা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার এবং আগের দুই ম্যাচে অধিনায়কত্ব করা লিলিয়ান থুরামকে। ফ্রান্সের পক্ষে রেকর্ড ১৪২টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ থুরামের বদলে সুযোগ পান আবিদাল। ফিরিয়ে আনা হয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাইরে থাকা তরুণ স্ট্রাইকার বেনজেমাকেও। ইতালি দলেও ছিল দুটি পরিবর্তন। মাঝমাঠে কামোরানেসি ও আক্রমণভাগে আলেসান্দ্রো দেল পিয়েরোর জায়গায় প্রথম একাদশে রাখা হয় গাত্তুসো ও আন্তনিও ক্যাসানোকে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় রুমানিয়ার বিপক্ষে গোলরক্ষকসহ ৯ জন পরিবর্তন করে প্রথম একাদশ সাজিয়েছিল নেদারল্যান্ডস। অন্যদিকে রুমানিয়া মাঠে নেমেছিল ৪টি পরিবর্তন নিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০২৫৯ঘ.