ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শুধু জাতীয় দল নয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তিভুক্ত কোচ হিসেবেই আর কাজ করতে চান না আবু ইউসুফ। তাই সোমবার বাফুফেতে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই কোচ।
মঙ্গলবার আবু ইউসুফ বলেছেন, "আমি বাফুফের কোচ হয়েই কাজ করছিলাম। বাফুফেতে এএফসির কোচিং প্রোজেক্টের আওতায় আমার সঙ্গে চুক্তি হয়েছিল। আমি আর বাফুফের কোচ হিসেবে কাজ করতে চাই না, তাই অব্যাহতিপত্র জমা দিয়েছি।" এএফসির অর্থায়নে গত মার্চে বাফুফে চারজন কোচকে নিয়োগ দেয়। তাদের একজন আবু ইউসুফ, নিয়োগের পর-পরই তার হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের দায়িত্ব। তবে তা ছিল শুধু দুটো টুর্নামেন্টের জন্য--- এএফসি চ্যালেঞ্জ কাপ ও পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মনজুর হোসেন মালুও স্বীকার করেছেন, "তিনি ছিলেন বাফুফের কোচ। তবে সাফ ফুটবল পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব ছিল তার। আমি জানি না তিনি কোত্থেকে পদত্যাগ করেছেন।"
মানে প্রাথমিকভাবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর পরই জাতীয় দলের সঙ্গে তার সম্পর্কচ্ছেদ হওয়ার কথা, যদি না বাফুফে আবার নতুন করে দায়িত্ব দেয়। কিন্তু ইতিমধ্যেই তিনি ব্যর্থতার দায় স্বীকার করে অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছেন, "অব্যাহতি চাওয়ার জন্য সাফে জাতীয় দলের ব্যর্থতা একটা কারণ। দল ব্যর্থ হলে সবসময় কোচের দিকেই আঙ্গুল ওঠে, সেই দায় মেনে নিয়েই আমি সরে দাঁড়াতে চাই।" ভুটান ও আফগানিস্তানের সঙ্গে ড্র এবং শ্রীলঙ্কার কাচে হেরে গিয়ে ২০০৩ সালের সাফ ফুটবলজয়ী বাংলাদেশের গ্র"প পর্ব থেকে বিদায় নেওয়াটাকে কেউ মেনে নিতে পারছে না। সেজন্য এখনো চলছে কোচ, ফুটবলার ও গত কমিটির সমালোচনা।
কিন্তু পদত্যাগপত্রের পাশাপাশি আবু ইউসুফ সাফ ফুটবলে ব্যর্থতার কারণের কথা উল্লেখ করে একটি রিপোর্টও জমা দিয়েছেন বাফুফে সভাপতির কাছে। যদিও এখনো সেই রিপোর্ট খুলে দেখেননি বলে দাবি করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে কোচের অভিযোগ, "বাংলাদেশের জাতীয় দলে কাজ করার মতো কোনো পরিবেশ নেই। শুধু দেশের কোচ নয়, বিদেশের কোচের জন্যও কোনো পরিবেশ নেই।" এরকম তিক্ত অভিজ্ঞতার কথা তিনি রিপোর্টে উল্লেখ করলেও তা তিনি সবিস্তারে বলতে নারাজ। তবে তিনি এটুকু বলেছেন, "জাতীয় দলে কোচ হিসেবে কাজ করলেও আমার পুরো স্বাধীনতা ছিল না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24