২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির বিপক্ষে অস্ট্রিয়ার প্রেরণা '৭৮ বিশ্বকাপ

সুইজারল্যান্ডের মতো টুর্নামেন্টের আরেক স্বাগতিক অস্ট্রিয়াও কি বিদায় নেবে প্রথম রাউন্ড থেকে? নাকি জার্মানিকে হারিয়ে ৩০ বছর আগের এক মধুর স্মৃতি ফিরিয়ে এনে অস্ট্রিয়ানরা পৌঁছে যাবে শেষ আটে? প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে সোমবার, ভিয়েনায় বাংলাদেশ সময় রাত পৌনে একটা থেকে শুরু হতে যাওয়া জার্মানি-অস্ট্রিয়া ম্যাচ শেষে। এ ম্যাচে হারলে ইউরো ২০০৮ থেকে এক রাশ আক্ষেপ নিয়ে বিদায় নিতে হবে জার্মানিকে। অবশ্য কোনো রকমে ড্র করলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়নদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ভিয়েনা/ক্লাগেনফুর্ট, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইজারল্যান্ডের মতো টুর্নামেন্টের আরেক স্বাগতিক অস্ট্রিয়াও কি বিদায় নেবে প্রথম রাউন্ড থেকে? নাকি জার্মানিকে হারিয়ে ৩০ বছর আগের এক মধুর স্মৃতি ফিরিয়ে এনে অস্ট্রিয়ানরা পৌঁছে যাবে শেষ আটে? প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে সোমবার, ভিয়েনায় বাংলাদেশ সময় রাত পৌনে একটা থেকে শুরু হতে যাওয়া জার্মানি-অস্ট্রিয়া ম্যাচ শেষে। এ ম্যাচে হারলে ইউরো ২০০৮ থেকে এক রাশ আক্ষেপ নিয়ে বিদায় নিতে হবে জার্মানিকে। অবশ্য কোনো রকমে ড্র করলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্টের তিন বারের চ্যাম্পিয়নদের। ক্লাগেনফুর্টে একই সময়ে 'বি' গ্র"পের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড। প্রথম দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে যাওয়ায় ক্রোয়াটদের জন্য ম্যাচটার তেমন কোনো গুরুত্ব নেই। কিন্তু পোলিশদের জন্য আছে। অস্ট্রিয়া জার্মানিকে ন্যুনতম ব্যবধানে এবং পোল্যান্ড ক্রোয়েশিয়াকে বড় ব্যবধানে হারালে গোল গড়ে পোলিশদের ভাগ্যে শিকে ছিড়তেও পারে! জার্মানির মুখোমুখি হওয়ার আগে অস্ট্রিয়ানদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ১৯৭৮ বিশ্বকাপের এক 'ঐতিহাসিক' ম্যাচ। অস্ট্রিয়ার জন্য ঐতিহাসিক তো বটেই! আর্জেন্টিনায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তখনকার পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিরাট এক অঘটনের জন্ম দিয়েছিল অস্ট্রিয়া। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়ায় অস্ট্রিয়ার কাছে ম্যাচটার তেমন কোনো গুরুত্ব ছিল না। কিন্তু ঐ ম্যাচে হেরে যাওয়ায় পশ্চিম জার্মানি বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে! কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জার্মানদের বিপক্ষে সেটাই অস্ট্রিয়ার একমাত্র জয়। আর্জেন্টিনার কর্ডোবায় ফুটবল-বিশ্বকে অবাক করে দেয়া সেই ম্যাচে খেলা জোসেফ হিকার্সবার্গার এখন অস্ট্রিয়ার কোচ। দেয়ালে-পিঠ-ঠেকে যাওয়া জার্মানি যে কতটা ভয়ঙ্কর তা অজানা নয় তার। আর তাই প্রতিপক্ষ সম্পর্কে তার শ্রদ্ধাপূর্ণ মন্তব্য, "জার্মানির বিপক্ষে জয় পাওয়া সহজ কাজ নয়, বিশেষ করে তাদের প্রতিপক্ষ যদি অস্ট্রিয়া হয়। (দু দলের জয়-পরাজয়ের) পরিসংখ্যান আপনারা ভালোমতোই জানেন। জার্মানি সর্বশেষ কবে টানা দুই ম্যাচ হেরেছিল তা কিছুতেই আমি মনে করতে পারছি না।" জার্মানির অবস্থা অবশ্য অতটা খারাপ নয়। ঐতিহ্য এবং সাফল্য -- দু জায়গাতেই তারা অস্ট্রিয়ানদের চেয়ে অনেক এগিয়ে। 'বি' গ্র"পে দুটো করে ম্যাচ শেষে তারা পয়েন্টেও এগিয়ে। তবে প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে প্রাণবন্ত ফুটবল খেলে পরিষ্কার ২-০ ব্যবধানে জয় পেলেও ক্রোয়েশিয়ার সঙ্গে পরের ম্যাচে মোটেও সুবিধা করতে পারেনি ইউরোর সফলতম দলটি। ক্রোয়াটদের কাছে হেরে যাওয়ার জন্যই ৩ পয়েন্ট নিয়ে তারা আপাতত গ্র"পের দ্বিতীয় স্থানে। অন্যদিকে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়া অস্ট্রিয়া পোল্যান্ডের সঙ্গে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ১-১-এ ড্র করে বাঁচিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা। সন্দেহ নেই অস্ট্রিয়ার সঙ্গে জার্মানিই ফেভারিট। তারপরও তাদের দল যে এই মুহূর্তে বেশ চাপের মধ্যে তা স্বীকার করতে দ্বিধা নেই জার্মানির মিডফিল্ডার ক্রিস্টফ মেটজেল্ডারের, "আমরা এই পরিস্থিতিকে সঙ্কটের বদলে চ্যালেঞ্জ হিসাবে দেখতেই বেশি আগ্রহী। জার্মানি সব সময়ই চাপের মধ্যে থাকে। এই ম্যাচে সেটা একটু বেশিই আছে। তবে আমাদের টিম স্পিরিট খুব ভালো। এখন শুধু মাঠে সেটাকে অনূদিত করার পালা।" টিম স্পিরিটে কোনো ঘাটতি না থাকলেও এই ম্যাচে এক জনকে পাশে পাচ্ছে না জার্মানি। ক্রোয়েশিয়ার বিপক্ষে লালকার্ড পাওয়ায় বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। কাঁধের ইনজুরির কারণে ডিফেন্ডার মার্সেল জ্যানসেনকেও না পাওয়ার আশঙ্কা আছে জার্মানদের। টুর্নামেন্টে এখন পর্যন্ত জার্মানির তিনটি গোলই করা লুকাস পোডলস্কিরও গোড়ালিতে সমস্যা আছে। তবে তার প্রথম একাদশে থাকার সম্ভাবনাই বেশি। অন্যদিকে প্রথম দুই ম্যাচেই হলুদ কার্ড পাওয়ায় সেবাস্টিয়ান প্রোডলকে পাচ্ছে না অস্ট্রিয়া। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় পোল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে ক্রোয়েশিয়া দারুণ নির্ভার। কোচ স্লাভেন বিলিচ রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগটা তাই হাতছাড়া করতে রাজি নন। অবশ্য দলের প্রত্যেকের ওপরেই তিনি আস্থাশীল। বিলিচের কথায় তারই ইঙ্গিত, "মাঠে যে পরীক্ষামূলক দলটিকে আমরা নামাবো সে দলের সবার ওপরে আমাদের পূর্ণ আস্থা আছে। একটি সম্পূর্ণ ইউনিট হিসাবেই আমরা খেলি, প্র্যাকটিস করি, এক সঙ্গে থাকি। তাই যে-ই সুযোগ পাক না কেন দারুণ অনুপ্রাণিত হয়েই সে মাঠে নামবে।" অবশ্য কার্ড ও ইনজুরি সমস্যা আক্রান্ত খেলোয়াড়দের নামিয়ে অকারণে ঝুঁকি নেয়া যে ঠিক হবে না সেটা জানাতেও ভোলেননি তিনি, "একটা হলুদ কার্ড পাওয়া খেলোয়াড়দের প্রথম একাদশে রাখাটা বোকামি হয়ে যাবে। তাছাড়া আমাদের দলের কয়েক জনের সামান্য ইনজুরি সমস্যাও আছে। তাদেরও বিশ্রাম দরকার।" পোলিশদের অবস্থা ক্রোয়েশিয়ার সম্পূর্ণ বিপরীত। শুধু জিতলেই চলবে না, অস্ট্রিয়া যেন জার্মানিকে তাদের চেয়ে কম ব্যবধানে হারায় সেই প্রার্থনাও করতে হবে পোল্যান্ডকে। পোলিশদের ডাচ কোচ লিও বিনহ্যাক্কার অবশ্য কোয়ার্টার ফাইনালে ওঠার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী, "আমরা এখনো বিশ্বাস করি আমাদের দল নকআউট পর্বে যেতে পারবে। এই লক্ষ্যের প্রতি আমরা এখন পুরোপুরি নিবদ্ধ। স্বাভাবিকভাবেই ক্রোয়েশিয়ার বিপক্ষে আক্রমণাত্মক একটি দল নিয়ে মাঠে নামবো আমরা। কারণ, আমাদের বেশ কয়েকটা গোল করা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/২১২৪ ঘ.