২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সকেও বিধ্বস্ত করে শেষ আটে নেদারল্যান্ডস, বিদায় নিতে নিতে টিকে থাকল ইতালি

ইউরো ২০০৮ - এ নেদারল্যান্ডসের চমক চলছে। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৩ - ০ গোলে বিধ্বস্ত করা ফন বাস্তেনের দল শুক্রবার ৪ - ১ গোলে ২০০৬ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে উড়িয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 08:26 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

জুরিখ/বার্ন, ১৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ইউরো ২০০৮ - এ নেদারল্যান্ডসের চমক চলছে। প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৩ - ০ গোলে বিধ্বস্ত করা ফন বাস্তেনের দল শুক্রবার ৪ - ১ গোলে ২০০৬ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে উড়িয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ফলে প্রথম পর্ব থেকে বিদায় নেয়ার শঙ্কার মুখে পড়েছে ফ্রান্স। ইতালিরও একই অবস্থা। তবে শুক্রবার 'গ্র"প অব ডেথ' হিসেবে পরিচিত 'সি' গ্র"পের অন্য ম্যাচে রুমানিয়ার কাছে হেরে গেলে বিদায় নিশ্চিত হয়ে যেতো ইতালির। জিয়ানলুইজি বুফন অসাধারণ দক্ষতায় পেনাল্টি বাঁচিয়ে দেয়ায় ম্যাচ ১-১ গোলে ড্র রেখে এ যাত্রা বেঁচে গেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে রুমানিয়ার সঙ্গে ড্র করায় ফ্রান্সের জন্য এ ম্যাচ ছিল অনেকটাই বাঁচামরার লড়াই। কিন্তু রক্ষণভাগের দুর্বলতা আর আক্রমনভাগের জঘণ্য ফিনিশিংয়ের জন্য এ লড়াইয়ে একেবারেই সুবিধা করতে পারেনি ইউরোর সাবেক চ্যাম্পিয়নেরা। অন্যদিকে নেদারল্যান্ডস ছিল ইতালির বিপক্ষে আগের ম্যাচের চেয়েও ভয়ঙ্কর। ইতালিকে হারানোয় পাল্টা আক্রমনে গোল করার কৌশল কাজে লেগেছিল, এবার প্রথমার্ধের বেশ কিছুক্ষণ সেই কৌশলে খেললেও দ্বিতীয়ার্ধে আক্রমনেও সুনিপুন চাতুর্যের ছাপ রেখেছে তারা। ম্যাচের এবং নেদারল্যান্ডসের প্রথম গোলটি হয় নবম মিনিটে। রাফায়েল ফন ডার ফার্টের নেয়া কর্নার কিক থেকে ফরাসীদের দুর্বল মার্কিংয়ের জন্য বল পেয়ে যান ফাঁকায় দাঁড়িয়ে থাকা ডির্ক কুট এবং কুট সুযোগটা কাজে লাগাতে দেরি করেননি। দ্বিতীয় গোলের জন্য ৫৯ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় '৮৮র চ্যাম্পিয়নদের। ক্ষিপ্র গতির পাল্টা আক্রমনে নিস্টলরয় আর রবেন নিজেদের মধ্যে দেয়া-নেয়া করে নিচু ক্রস বাড়ালে চমৎকার এক ভলিতে জাল কাঁপানোর কাজটি সারেন মাত্র চার মিনিট আগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ফন পার্সি। ৭১ মিনিটে একটি গোল পরিশোধ করেন থিয়েরি অঁরি। কিন্তু ফ্রান্সের ওই আনন্দকেও ক্ষণস্থায়ী করে দেন আরিয়েন রবেন। ঠিক পরের মিনিটেই পেনাল্টি বক্সের ঠিক ওপর থেকে অসাধারণ এক শটে গত ৫০ বছরে বড় কোনো আসরে ফ্রান্সের সবচেয়ে বড় পরাজয় নিশ্চিত করেন তিনি। ১৯৫৮'র বিশ্বকাপে ব্রাজিলের কাছে ৫-২ গোলে হারার পর এটাই ফ্রান্সের সবচেয়ে বড় হার। রুমানিয়া-ইতালি ম্যাচে ৮২ মিনিটে মুটুর পেনাল্টিটা ঠেকিয়ে নিশ্চিত পরাজয়ের হাত থেকে ইতালিকে বাঁচান বুফন। তাতে বিশ্বচ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনালের ক্ষীণ আশা বেঁচে রইলো। ২ ম্যাচে তাদেরও ফ্রান্সের মতোই ১ পয়েন্ট, ২ পয়েন্ট নিয়ে রুমানিয়া তাদের ওপরে আর নেদারল্যান্ডসের ঠিক নীচে। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে তাদের জিততেই হবে আর ড্র করলে রুমানিয়া আর হারলে ফ্রান্স চলে যেতে পারে কোয়ার্টার ফাইনালে। অবশ্য এসব হিসেব অর্থহীন হয়ে যেতে পারে গ্র"পে নিজেদের শেষ ম্যাচে রুমানিয়া নেদারল্যান্ডসকে হারিয়ে দিলে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে গ্র"প রানার্সআপ হয়ে শেষ আটে পৌঁছে যাবে তারা। ইতালি-রুমানিয়া ম্যাচে গোল হয়েছে দুটি, কিন্তু হতে পারত তার চেয়ে অনেক বেশি। দুদলই ছিল আক্রমণাত্মক, তাই তৈরি হয়েছে একরাশ সুযোগ। কিন্তু দুদলের স্ট্রাইকারদের ব্যর্থতা আর গোলরক্ষকদের কৃতিত্বে গোলমুখ খুলছিল না। শেষপর্যন্ত সাহায্যে এগিয়ে আসে দুই দলের রক্ষণভাগ। ৫৫ মিনিটে রুমানিয়া যে গোলটিতে এগিয়ে যায় মুটুর সেই গোল বলা যায় জামব্রোত্তার উপহার। বুফনকে হেডে বল দিতে গিয়ে তিনি সেটা তুলে দেন মুটুর পায়ে। মুটু বল জড়িয়ে দেন জালে। কিন্তু ১ মিনিটের মধ্যেই সমতা নিয়ে আসে ইতালি। কর্নার থেকে উড়ে আসা বল রুমানিয়ান ডিফেন্স ঠিকমতো প্রতিহত না করায় তা চলে যায় ফাঁকায় দাঁড়ানো পানুচ্চির পায়ে। সমতা নিয়ে আসেন তিনি। এরপরও চলছিল দুদলের সুযোগ তৈরি এবং নষ্টের মহড়া। সে অবস্থাতেই বিতর্কিত পেনাল্টি পেয়ে যায় রুমানিয়া। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে মুটুর সেই পেনাল্টিটি আটকে ইতালিকে অন্তত দ্বিতীয় ম্যাচ শেষেই টুর্নামেন্ট থেকে বিদায় হতে দেননি বুফন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২৩০০ঘ.