বার্ন, ১৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)--- বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির পর রানার্স আপ ফ্রান্সকেও হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। 'গ্রুপ অব ডেথ' নামে পরিচিত 'সি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার তারা জিতেছে ৪-১ গোলে।
আগের ম্যাচে রুমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা ফ্রান্সের জন্য এই ম্যাচটা ছিল অনেকটা বাঁচামরার লড়াই, কিন্তু দুর্বল রক্ষণভাগ আর এলোমেলো ফিনিশিংয়ের কারণে বড় ব্যবধানেই হারতে হয়েছে তাদের। যদিও ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণে ছিল তারাই। আর নেদারল্যান্ডস আগের ম্যাচের মতোই দুর্দান্ত কিছু পাল্টা আক্রমণে ছিন্ন ভিন্ন করে দিয়েছে ফরাসি রক্ষণভাগ। ম্যাচের নবম মিনিটেই প্রথম গোলটি পেয়ে যাওয়ায় ওই কৌশলটা কাজে লাগানো আরো সহজ হয়েছে তাদের জন্য। জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্টের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে ডার্ক কিউটের করা ওই গোলেই প্রথমার্ধে এগিয়ে ছিল ডাচরা।
৬০ মিনিটে ব্যবধানটা ২-০ হয়েছে বদলি খেলোয়াড় রবিন ফন পার্সির গোলে। ৭১ মিনিটে থিয়েরি অঁরি একটা গোল শোধ করে দিলে মুহূর্তের জন্য ম্যাচে ফিরেছিল বটে লা ব্লুজরা, কিন্তু পরের মিনিটেই আবার সেটা উবে গেছে আরিয়েন রোবেনের গোলে। আর ফরাসি কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন ওয়েসলি স্নাইডার, ইনজুরি সময়ের শেষ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/০২৫৭ ঘ.
bdnews24