লন্ডন, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চেক প্রজাতন্ত্রকে হারিয়ে প্রথম দল হিসাবে ইউরো ২০০৮এর কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ উপভোগ করতে, করতেই একটা চমকপ্রদ খবর পেলেন লুই ফেলিপে স্কলারি। পরবর্তী কোচ হিসাবে ইংলিশ ক্লাব চেলসির স্কলারিকে নিযুক্ত করার খবরটা চমকে দেয়ার মতোই! সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ জুলাই থেকে তার 'ব্লুজ'-এর দায়িত্ব নেয়ার কথা।
বছর দুয়েক আগে এক বার ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে গত মাসে আভরাম গ্রান্ট বরখাস্ত হওয়ার পর বেশ কয়েক জন 'হাই প্রোফাইল' কোচের সঙ্গে স্কলারির নামও শোনা যাচ্ছিল চেলসির ভবিষ্যত কোচ হিসাবে। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলাঙ্গনে 'বিগ ফিল' নামে পরিচিত পর্তুগাল কোচের কাঁধেই দায়িত্ব সঁপে দিতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি। এ সম্পর্কে অবশ্য ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের কোচের কোনো মন্তব্য পাওয়া যায়নি। চেলসি শুধু তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "ফেলিপে (স্কলারি) অসাধারণ মানসম্পন্ন এক জন কোচ। তিনি জাতীয় ও ক্লাব পর্যায়ে দারুণ সাফল্যের রেকর্ড সমৃদ্ধ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কোচ। প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দলের ভেতর থেকে সেরাটা বের করে আনতে তিনি সক্ষম। তার আকাক্সক্ষা ও প্রত্যাশার সঙ্গে আমাদের দারুণ মিল। (কোচ হিসাবে) তাকেই পছন্দ করেছি আমরা। পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ হিসাবে তার বর্তমান ভূমিকার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা নিশ্চিত করছি যে তার কাজের ওপরে বিন্দুমাত্র হস্তক্ষেপ করা হবে না। আমাদের সঙ্গে যোগ দেয়া না পর্যন্ত চেলসি বা ফেলিপে এ ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪১৩ঘ.
bdnews24