২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, সুইজারল্যান্ডের বিদায়

জিতলেই কোয়ার্টার ফাইনালে উত্তরণ নিশ্চিত! এমন সমীকরণ নিয়ে বুধবার ইউরো ২০০৮-এ মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। সেই লড়াইয়ে বিজয়ী পর্তুগিজরা। চেকদের ৩-১ গোলে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলেছে তারা। পর্তুগালের হয়ে গোল তিনটি করেছেন ডেকো, ক্রিস্টিয়ানো রোনালদো ও রিকার্ডো কুয়ারেসমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

জেনেভা/বাসেল, ১২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিতলেই কোয়ার্টার ফাইনালে উত্তরণ নিশ্চিত! এমন সমীকরণ নিয়ে বুধবার ইউরো ২০০৮-এ মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। সেই লড়াইয়ে বিজয়ী পর্তুগিজরা। চেকদের ৩-১ গোলে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ আট নিশ্চিত করে ফেলেছে তারা। পর্তুগালের হয়ে গোল তিনটি করেছেন ডেকো, ক্রিস্টিয়ানো রোনালদো ও রিকার্ডো কুয়ারেসমা। চেকদের এক মাত্র গোলটি লিবর সিয়োনকোর। 'এ' গ্র"পের অন্য ম্যাচে তুরস্কের কাছে ১-২ গোলে হেরে প্রথম দল হিসাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সহ-স্বাগতিক সুইজারল্যান্ড। ম্যাচের প্রথমার্ধ ছিল আকর্ষণীয়, আক্রমণ-পাল্টা আক্রমণে ভরা। অষ্টম মিনিটে করা ডেকোর গোলটা আকর্ষণীয় ফুটবলেরই স্মারক। অধিনায়ক নুনো গোমেজের সঙ্গে দারুণভাবে ওয়ান-টু খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোমেজের ব্যাকহিল ধরে রোনালদো এগিয়ে গেলেও প্রতিপক্ষ গোলরক্ষক পিয়েতর চেকের দৃঢ়তায় তিনি জালে বল পাঠাতে পারেননি। তবে রোনালদো না পারলেও দলকে গোল উপহার দিতে ভুল হয়নি ডেকোর। অবশ্য এগিয়ে যাওয়ার পর থেকেই খেই হারিয়ে ফেলে পর্তুগিজরা। কারণ চেকদের আক্রমণের ঢেউ! একের পর এক আক্রমণ করে চেকরা গোলটা শোধ করে ১৭ মিনিটের সময়। কর্নার থেকে দারুণ এক ডাইভিং হেডে গোল করেছেন সিয়োনকো। এর পর ডেকোর একটি প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে এবং রোনালদোর দু দুটো শট চেক দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দিলে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি পর্তুগাল। চেক প্রজাতন্ত্রও গোল পেতে পারতো। কিন্তু ছোট বক্সের মধ্যে থেকে সিয়োনকোর ভলি পর্তুগিজ ডিফেন্স বিপদমুক্ত করলে প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। বিরতির পরও কোনো দলের আক্রমণে ভাটা পড়েনি। তবে পর্তুগালের আক্রমণের ঝাঁঝই ছিল বেশি। নুনো গোমেজ ও সিমাওয়ের দুটো প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রোনালদোর গোলে আবার এগিয়ে যায় তারা। ডান দিক থেকে ডেকোর পাসে মাটিঘেঁষা শটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। এই গোলের আগে-পরে অবশ্য গোল করার সুযোগ এসেছিল চেকদের সামনেও। কিন্তু সিয়োনকো ও মিলান বারোসের ব্যর্থতায় লক্ষ্যভেদ করতে পারেনি তারা। এর মধ্যে সিয়োনকোর একটি হেড দারুণ দক্ষতার সঙ্গে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পর্তুগালের গোলরক্ষক রিকার্ডো। চেকরা গোল তো করতে পারেইনি বরং ম্যাচের অন্তিম মুহূর্তে কুয়ারেসমার গোলে নিশ্চিত হয়ে যায় তাদের পরাজয়। ইনজুরি সময়ে একটি পাল্টা আক্রমণ থেকে রোনালদোর পাস ধরে ফাঁকায় দাঁড়ানো কুয়ারেসমা চেকদের জালে বল পাঠিয়ে সব উত্তেজনার অবসান ঘটান । বাসেলে তুমুল বৃষ্টির মধ্যে শুরু হওয়া অন্য ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। ৩২ মিনিটে হাকান ইয়াকিনের লক্ষ্যভেদে এগিয়ে থাকার আনন্দ ৫৭ মিনিট পর্যন্ত উপভোগ করতে পেরেছিল সুইসরা। কিন্তু তারপরই সেমিহ সেনতুর্কের গোলে ম্যাচে ফেরে তুর্কিরা। আর ইনজুরি সময়ে আর্দা তুরানের দারুণ এক গোলে তুরস্কের জয়ের পাশাপাশি নিশ্চিত হয়ে যায় সুইজারল্যান্ডের বিদায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১২১৮ঘ.