২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ার বিপক্ষে আরও আত্মবিশ্বাসী জার্মানি, কিন্তু সতর্কও

কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি তো আছেই, সেই সঙ্গে আরেকটা তাড়নাও এখন কাজ করছে জার্মান শিবিরে। সেটা হলো ইউরো ২০০৮-এর শিরোপার জোরালো দাবীদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ক্লাগেনফুর্টে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে জার্মানি। ভিয়েনায় 'বি' গ্র"পের পরের ম্যাচে সহ-স্বাগতিক অস্ট্রিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে দু দলই হেরে যাওয়ায় এই ম্যাচের পরাজিত দলের বিদায় নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্ট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ক্লাগেনফুর্ট/ভিয়েনা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি তো আছেই, সেই সঙ্গে আরেকটা তাড়নাও এখন কাজ করছে জার্মান শিবিরে। সেটা হলো ইউরো ২০০৮-এর শিরোপার জোরালো দাবীদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ক্লাগেনফুর্টে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে জার্মানি। ভিয়েনায় 'বি' গ্র"পের পরের ম্যাচে সহ-স্বাগতিক অস্ট্রিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে দু দলই হেরে যাওয়ায় এই ম্যাচের পরাজিত দলের বিদায় নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্ট থেকে। লুকাস পোডলস্কির দুই গোলে পোল্যান্ডকে হারিয়ে এই মুহূর্তে জার্মানি দারুণ উজ্জীবিত। ইউরো ৯৬-এর পর আর কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিততে না পারার ব্যর্থতা ঘোচাতে তারা এবার ভীষণ মরিয়াও। দলে কোনো ইনজুরি সমস্যা নেই, পোল্যান্ডের সঙ্গে সারা ম্যাচে ঔজ্জ্বল্য ছড়ানোয় অনুপ্রেরণারও কোনো অভাব নেই। টুর্নামেন্টের সর্বোচ্চ তিন বারের চ্যাম্পিয়নদের অস্বস্তি শুধু এক জনকে নিয়ে। মিডফিল্ডার বাস্তিয়ান শয়েইনস্টাইগারকে প্রথম একাদশে রাখবেন নাকি পোল্যান্ডের মতো দ্বিতীয়ার্ধে মাঠে নামাবেন তা নিয়ে কিছুটা হলেও দ্বিধায় কোচ জোয়াকিম লউ। অধিনায়ক মাইকেল বালাক অবশ্য শয়েইনস্টাইগারজনিত সমস্যা নিয়ে মোটেও চিন্তিত নন। তার চিন্তায় ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচটা ছাড়াও ফুটবল দুনিয়ায় আবারো জার্মান ফুটবলকে প্রতিষ্ঠিত করার প্রবল বাসনা প্রতিফলিত, "ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচের পর মর্যাদাটা কোথায় আছে তা দেখতে হবে আমাদের। আমরা ভালো মতোই জানি ওদেরকে (ক্রোয়েশিয়াকে) হারাতে হলে আমাদের আরো ভালো খেলতে হবে। এই টুর্নামেন্ট নিয়ে ওদের অনেক উচ্চাকাক্সক্ষা। বাছাইপর্বে ওরা দু বার ইংল্যান্ডকে হারিয়েছিল। আমার মনে হয় পোল্যান্ডের চেয়ে ওরা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে।" অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতলেও সেই ম্যাচে ক্রোয়াটদের পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক ছিল না। শেষ ২০ মিনিট তো অস্ট্রিয়ানদের একের পর এক আক্রমণে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল ক্রোয়েশিয়ার ডিফেন্সের! তারপরও কোনো রকমে জিতে আজ তারা 'বি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে অনেকখানি এগিয়ে। এবং জার্মানিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করার ব্যাপারে ক্রোয়াট কোচ স্লাভেন বিলিচ যথেষ্ট আত্মবিশ্বাসীও, "নকআউট পর্বের কাছাকাছি যাওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ। আর তাই আমরা তাদের (জার্মানির) ওপরে ঝাঁপিয়ে পড়বো। কারণ যে কোনো বিভাগেই আমরা তাদের সঙ্গে লড়াই করতে সক্ষম।" সেই লড়াইয়ের জন্য '৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল অনুপ্রাণিত করতে পারে ক্রোয়েশিয়াকে। সারা পৃথিবীকে বিস্মিত করে সেই ম্যাচে তারা ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি। তেমনি ১০ বছর পর সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার দারুণ সুযোগ বালাক-ক্লোসাদের সামনে। বড় টুর্নামেন্টে ক্রোয়াটদের সঙ্গে জার্মানির লড়াইয়ের অভিজ্ঞতা অবশ্য অম্ল-মধুর মেশানো। '৯৮ বিশ্বকাপে পাত্তা না পেলেও তার দু বছর আগে ইউরো ৯৬-এর শিরোপা জয়ের পথে কোয়ার্টার ফাইনালেই ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল জার্মানি। ভিয়েনায় অস্ট্রিয়ার কাছে যেমন তেমনি পোল্যান্ডের জন্যও ম্যাচটা বাঁচা-মরার, অস্তিত্ব টিকিয়ে রাখার। অস্ট্রিয়ার কোচ জোসেফ হিকার্সবার্গার তাই জয় ছাড়া অন্য কিছু ভাবতে রাজি নন, "একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার। তা হলো এটা একটা ভাগ্যনির্ধারক ম্যাচ। তবে একই সঙ্গে তা পোল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের ওদেরকে হারাতেই হবে। তাই ম্যাচের শুরু থেকেই ঝুঁকি নিতে হবে আমাদের।" ঝুঁকি না নিয়ে অবশ্য উপায়ও নেই অস্ট্রিয়ার। পোলিশদের কাছেও হেরে গেলে গ্র"প পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। ইউরো ২০০৮এর সহ-স্বাগতিকরা তা ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ তো হবেই! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০৫ঘ.