প্যারিস, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অন্য গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে যেমনই হোক ফ্রেঞ্চ ওপেন মানেই রাফায়েল নাদালের জয়জয়কার। আগের তিন বারের চ্যাম্পিয়ন নাদাল রোববার ফাইনালে দাঁড়াতেই দেননি রজার ফেদেরারকে। টানা চতুর্থ শিরোপা জয়ের পথে অতি সহজে জিতেছেন ৬-১, ৬-৩, ৬-০ গেমে।
জিতলেই টেনিসের জীবন্ত কিংবদন্তী বিওর্ন বোর্গের টানা চার বার শিরোপা জয়ের গৌরবের অংশীদার হওয়ার হাতছানি ছিল নাদালের সামনে। সুযোগটা তিনি হাতছাড়া করেননি। মাত্র এক ঘন্টা ৪৮ মিনিটে ফেদেরারকে বিধ্বস্ত করে উল্লাসে মেতে উঠেছেন এই স্প্যানিয়ার্ড। আগের দু বারও ফাইনালে তার কাছে হার মেনেছিলেন ফেদেরার। সেই হিসাবে রোলা গাঁরোতে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'-এর বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন করলেন নাদাল। দ্বিতীয় সেটে ৩-৩ করে ম্যাচটা জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন ফেদেরার। কিন্তু এর পর আর একটি গেমও জিততে না পারায় আবারো রোলা গাঁরো থেকে এক রাশ হতাশা নিয়েই ফিরতে হলো ১২টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫৬ঘ.
bdnews24