২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে হেরে সাফ ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

শ্রীলঙ্কার সঙ্গে জিততেই হবে, এমন লক্ষ্যের কথা ম্যাচের আগে শোনা গেলেও মাঠে কিন্তু যথারীতি এলোমেলো এক বাংলাদেশ। ফল ১-০ গোলে হার এবং পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্র"প পর্ব থেকে তিনবারের ফাইনালিস্টদের বিদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শ্রীলঙ্কার সঙ্গে জিততেই হবে, এমন লক্ষ্যের কথা ম্যাচের আগে শোনা গেলেও মাঠে কিন্তু যথারীতি এলোমেলো এক বাংলাদেশ। ফল ১-০ গোলে হার এবং পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্র"প পর্ব থেকে তিনবারের ফাইনালিস্টদের বিদায়। এই বিদায় অরো লজ্জাকর হতে পারতো। শ্রীলঙ্কান ফরোয়ার্ডদের ব্যর্থতায় তিন-চার গোলে হারেনি বাংলাদেশ। রোববার কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে তাদের খেলা দেখে মনেই হয়নি আগের ৯টি ম্যাচের মধ্যে তারা আটটিতেই শ্রীলঙ্কাকে হারিয়েছে ! পুরো ম্যাচে আধিপত্য করে স্বাগতিকরা ম্যাচ জিতে নিয়েছে এবং ৭ পয়েন্ট নিয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে। দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ভুটান ৪ পয়েন্ট নিয়ে গ্র"প রানার্স আপ হয়ে অবিশ্বাস্যভাবে পৌঁছে গেছে সেমিফাইনালে। আর দুই ড্র ম্যাচ থেকে ২ পয়েন্ট করে নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। 'বি' গ্র"পের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই কেবল সেমিফাইনালে উঠতে পারবে বাংলাদেশ। এরকম কঠিন সমীকরনের সামনে দাঁড়িয়েও নিজেদের উদ্দীপ্ত করতে পারেনি ২০০৩ সালের চ্যাম্পিয়নরা। স্বাভাবিক খেলা দূরে থাক, সবসময়ই মনে হয়েছে আত্মবিশ্বাসহীন একটি দল খেলছে। মাঝমাঠ একেবারে ফাঁকা, সেখান থেকে আক্রমণ তৈরি করে দলকে খেলানোর মতো কেউ নেই। মিডফিল্ডার মেহেদী হাসান উজ্জ্বল ও আবুল ভুগেছেন জ্বালানীর অভাবে। তারপরও পাল্টা আক্রমণে তারা একটি করে শট নিয়েছিলেন শ্রীলঙ্কার পোস্টে। সেগুলো ঠেকাতে একটু বেগ পেতে হয়েছে শ্রীলঙ্কান গোলরক্ষকের। তুলনায় শ্রীলঙ্কার আক্রমণের ধার অনেক বেশি এবং বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও প্রথমার্ধে তারা গোলের দেখা পায়নি। ১৭ মিনিটে শ্রীলঙ্কান স্ট্রাইকার চতুরা একেবারে ফাঁকায় দাঁড়িয়েও শট নিতে দেরি করায় সুযোগ নষ্ট হয়ে যায়। এরপর বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে তারা আরো দুবার গোলমিসের মহড়া দিয়েছে। সুবাদে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও তারা বাংলাদেশের গোলমুখে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে। বারবার গোল মিসের প্রদর্শনী পর ৭২ মিনিটে তাদের একমাত্র গোলটি উপহার দেন বাংলাদেশের আরিফুল। শ্রীলঙ্কার কর্ণার থেকে পাওয়া বলে রোমির নিরীহ শট বাংলাদেশের এই ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে বিপ্লবকে ফাঁকি দিয়ে জালে জমা হয়। অথচ তার পায়ে না লাগলে বলটা বাংলাদেশের গোলরক্ষকের হাতেই জমা হতো। ইনজুরি টাইমে ব্যবধানটা বাড়ার সুযোগ দেননি এই গোলরক্ষক চান্নার শট ঠেকিয়ে দিয়ে। এক নম্বর গোলরক্ষক আমিনুল ইনজুরিতে পড়ায় এই ম্যাচে একাদশে জায়গা হয়েছে বিপ্লব ভট্টাচার্যের। ইনজুরিতে পড়ায় খেলেননি জয় ও হাসান আল মামুন আর এমিলির ছিল দুটো হলুদ কার্ডের খাঁড়া। মানে কোচ আবু ইউসুফের পছন্দের তরুন দলটিই খেলেছে যারা সাফ ফুটবলে বাংলাদেশের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে। ঠেকাতে পারেননি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় গিয়েও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৪০ঘ.