২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রের জয় দিয়ে শুরু ইউরো

জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে দুই বড় দল চেক প্রজাতন্ত্র আর পর্তুগাল। শনিবার উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্র একমাত্র গোলে অন্যতম স্বাগতিক সুইজারল্যান্ডকে আর গতবারের রানার্স-আপ পর্তুগাল ২-০ গোলে তুরস্ককে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 05:00 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বাসেল, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে দুই বড় দল চেক প্রজাতন্ত্র আর পর্তুগাল। শনিবার উদ্বোধনী ম্যাচে চেক প্রজাতন্ত্র একমাত্র গোলে অন্যতম স্বাগতিক সুইজারল্যান্ডকে আর গতবারের রানার্স-আপ পর্তুগাল ২-০ গোলে তুরস্ককে হারিয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে পর্তুগাল জিতেছে যোগ্য দল হিসেবেই। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা, কর্নার থেকে এক সতীর্থের পা ঘুরে আসা বল হেড করে জালেও ঠেলেছিলেন পেপে, কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় বাতিল হয়ে গেছে সেটা। তবে দুঃখটা মনে রাখতে হয়নি, গোলশূন্য প্রথমার্ধের পর সেই পেপেই পর্তুগালকে এগিয়ে নিয়েছেন ৬১ মিনিটে। আর ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে তুরস্ক যখন গোল পরিশোধে মরিয়া, তখন একটি পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেছেন রাউল মেইরালেস। তবে উদ্বোধনী ম্যাচে চেকদের ১-০ গোলের জয়কে ঠিক শুভসূচনা বলা যাবে না, কারণ মাঠে তাদের তুলনায় সুইজারল্যান্ডই ভালো খেলেছে। নিজ দর্শকের শক্তিতে বলীয়ান সুইসরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল তাতে ম্যাচ থেকে অন্তত একটি পয়েন্ট পাওনা ছিল তাদের। নেদভেদ নেই, তাই চেক মধ্যমাঠের প্রাণ নেই। নতুনরাও এখনও ঠিক তৈরি হতে পারেননি। সুযোগে সুইসরা মাঝমাঠের দখল নিয়ে নেয়। তৈরিও করে অনেক সুযোগ। এর মধ্যে ভলানটিনের শটটি বারে লেগে ফিরে আসা ছিল তাদের সবচেয়ে বড় হতাশার ছবি। প্রত্যাখ্যাত হয়েছে তাদের একটি পরিষ্কার পেনাল্টির দাবিও। শেষ ১৫ মিনিটে গোল হতে পারত-এমন অন্তত তিনটি পরিষ্কার সুযোগ পেয়েও নিজেদের ব্যর্থতা আর চেক ডিফেন্সের দৃঢ়তায় খালি হাতেই ফিরতে হয় তাদের। চেকদের গোলটা খানিকটা ভাগ্য, খানিকটা দারুণ ফিনিশিংয়ের ফসল। মাঝমাঠ থেকে লম্বা একটা হেডে বল এসে পড়েছিল সুইস ডি বক্সে, অফসাইড ট্র্যাপ এড়িয়ে দারুণ প্লেসিং শটে তা থেকে গোল করেন সেরকোস। জাতীয় দলের পক্ষে তৃতীয় ম্যাচে এটা তার প্রথম গোল। কৃতিত্ব দিতে হবে তাদের অভিজ্ঞ কোচ ক্যারেল ব্র"কনারকেও, কারণ ৭০ মিনিটের এই গোলের কিছুক্ষণ আগেই তিনি মাঠে নামিয়েছিলেন নবীন এই স্ট্রাইকারকে। আর তিনিই প্রথম ম্যাচে মুখ রক্ষা করলেন ব্র"কনারের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসি/০০০৫ঘ.