ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সোনালী ব্যাংকও থামাতে পারেনি ঊষা ক্রীড়াচক্রকে। গ্রীন ডেল্টা হকি লিগে শুক্রবার সোনালী ব্যাংককে ৬-৩ গোলে হারিয়ে শিরোপার অনেক কাছাকাছি পৌঁছে গেছে ঊষা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট পাওয়া পুরনো ঢাকার দলটি আর একটি ম্যাচ জিতলেই লিগ চ্যাম্পিয়ন ! ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আবাহনী।
সোনালী ব্যাংকের কৃষ্ণা হ্যাটট্রিক করেও ঊষার বিজয়রথ থামাতে পারেননি। তার কল্যাণে অবশ্য ম্যাচটার প্রথমার্ধ জমে উঠেছিল। যদিও ১৮ মিনিটের মধ্যে টানা তিন গোল করে ৩-০ তে এগিয়ে গিয়েছিল ঊষা। ৬ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আক্তার আলী গোল করে এগিয়ে দেন গতবারের যুগ্ম চ্যাম্পিয়নদের। মিনিট দশেক পরে এই পাকিস্তানী পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোল করেন। ১৮ মিনিটে মাকসুদ আলম হাবুলের গোলে তারা ৩-০ গোলে এগিয়ে যায়।
ঊষার তিন গোল দেখে ম্যাচটাকে যারা একপেশে হয়ে যাচ্ছে ভেবেছেন তারাই ভুল করেছেন। কারণ এরপর ১০ মিনিটের মধ্যেই তিন গোল করে ম্যাচে ফিরে আসে সোনালী ব্যাংক। শুরু ২৪-তম মিনিটে কৃষ্ণার গোল দিয়ে, ২৭ ও ৩৪ মিনিটে আরো দুটো ফিল্ডগোল করে হ্যাটট্রিক করেন ব্যাংক দলের এই ফরোয়ার্ড।
কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে আক্রমনের সেই ধার আর ধরে রাখতে পারেনি ব্যাংক দল। গোলের জন্য মরীয়া হয়ে ওঠা ঊষাকে ৫২ মিনিটে ৪-৩ গোলে এগিয়ে দেন পাকিস্তানী তারিক আজিজ। তারপর ৬০ ও ৬২ মিনিটে ইমরান আহমেদ ও তারিক আজিজের গোলে জয় নিশ্চিত করে ঊষা শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৬ঘ.
bdnews24