ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথমটি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে সেরকম কোনো বিপত্তি ঘটেনি। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে থাইল্যান্ডের বেক তেরো সাসানার সঙ্গে। আশার কথা হচ্ছে, সাফ চ্যাম্পিয়নশিপগামী দলের খেলা দেখে সন্তুষ্ট হয়েছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট।
ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সহ-সভাপতি বাদল রায়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বাংলাদেশের দলনেতা শফিকউজ্জামান ও ম্যানেজার শেখ মোহাম্মদ আসলামের। তাদের দেওয়া খবরের ওপর ভিত্তি করে বাদল রায় বলেছেন, "দলনেতা ও ম্যানেজারের কথা অনুযায়ী এই প্র্যাকটিস ম্যাচে বেশ ভালো খেলেছে বাংলাদেশ দল। তাদের মতে, গোলরক্ষক আমিনুলের পারফরম্যান্স উচ্ছ্বসিত হওয়ার মতো।"
তার মানে, নতুন অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের গোলমুখ খুলতে পারেননি বেক তেরো সাসানার ফরোয়ার্ডরা। এমনিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সাবেক রানার্সআপ, থাই লিগের সাবেক চ্যাম্পিয়ন দলটিরই ম্যাচে আধিপত্য বিস্তার করার কথা। তা তারা করেছেও, কিন্তু গোল বের করতে পারেনি বাংলাদেশের গোলরক্ষক আমিনুলের অসাধারণ নৈপুন্যের জন্য। অবশ্য ম্যাচ সবসময় ওদের নিন্ত্রনেই ছিল, এমন নয়। বাফুফে সহ-সভাপতির দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ দলও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও ফয়সাল মাহমুদ দুটো সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো।
তবে এই ম্যাচ খেলে বাংলাদেশ দল সামগ্রিকভাবে লাভবান হয়েছে বলেই মনে করছেন বাদল রায়, "টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা খুশি। বাইরের একটা ভালো দলের সঙ্গে ড্র করে অন্তত আত্মবিশ্বাসটা বেড়েছে খেলোয়াড়দের, এটাই লাভ।" বুধবারের ম্যাচটা বৃষ্টিতে পণ্ড না হলে হয়তো আরো লাভবান হতো বাংলাদেশ। যা-ই হোক দেশে দুটো এবং থাইল্যান্ডে একটি প্র্যাকটিস ম্যাচের স্মৃতি নিয়ে আমিনুলের দল শুক্রবার রাতেই পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ভেন্যু কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছে। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভুটানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৪ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৮৫৬ ঘ.
bdnews24