ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফিফা সভাপতির কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র নতুন কমিটি। গত মঙ্গলবার তার সঙ্গে সভায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা-র সভাপতি সেপ ব্ল্যাটার বাংলাদেশের ফুটবল উন্নয়নে সর্বাত্নক সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছেন।
ফিফা কংগ্রেস উপলক্ষে বাফুফের তিন সদস্যের একটি প্রতিনিধিদল এখন সিডনিতে। নবনির্বাচিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে কংগ্রেসে অংশ নেওয়া দলের অন্য দু'জন হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি মনজুর হোসেন মালু। গত মঙ্গলবার তারা ফিফা সভাপতির সঙ্গে প্রায় দেড় ঘন্টা সভা করেন। সভার ফল খুব ইতিবাচক -- বাফুফে'র আরেক সহ-সভাপতি বাদল রায় সালাম মুর্শেদীকে উদ্ধৃত করে এমন দাবিই করলেন, "সালাম সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। ব্ল্যাটারের সঙ্গে সভা করে তিনি খুব খুশি। বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন ফিফা সভাপতি।"
এর আগে গত ২০ মে বাফুফে সভাপতি কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সভা করেন। সালাউদ্দিনের ফুটবল-ভাবনা দেখে হাম্মাম ফিফা সভাপতির সঙ্গে বাফুফের আরেকটি সাক্ষাৎকার আয়োজনের প্রতিশ্র"তি দিয়েছিলেন। সিডনিতে প্রতিশ্র"ত সেই সভাই হয়েছে মঙ্গলবার। তাতে নতুন বাফুফে সভাপতি নিজের ফুটবল পরিকল্পনার কথা শুনিয়েছেন ব্ল্যাটারকে। পরিকল্পিত এই উন্নয়নকাজে সবসময় ফিফার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। "বাফুফের নতুন সভাপতিকে স্বাগত জানিয়ে ফিফা প্রেসিডেন্ট তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন"-- বলেছেন বাদল রায়।
অবশ্য এই সভার আগেই ব্ল্যাটারের প্রশংসাধন্য হয়েছিলেন নতুন বাফুফে সভাপতি। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার সভাপতি নির্বাচিত হওয়াটাকে একটি ঐতিহাসিক ঘটনা আখ্যা দিয়ে গত ৩ মে একটি অভিনন্দন-পত্র পাঠান ফিফা সভাপতি। তিনি সালাউদ্দিনের ফুটবল ক্যারিয়ার ও কোচিং ক্যারিয়ারের কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৮৫৮ ঘ.
bdnews24