বুয়েনস এইরেস, ২৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। দুটো ম্যাচেই তার দল আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে দাঁড়াতেই পারেনি। আগামী ১৮ জুন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের দিকে তাই অধীর আগ্রহে তাকিয়ে আছেন মেসি। বার্সেলোনার তারকা আগের দু বারের দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলে এবার জয়োল্লাসে মেতে উঠতে চাইছেন।
২০০৬ সালের সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। গত বছর ভেনেজুয়েলায় অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টাইনদের একই ব্যবধানে বিধ্বস্ত করেছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুটো ম্যাচেই খেলা মেসি ১৮ জুন ব্রাজিলের বেলো হরিজন্টেতে অনুষ্ঠেয় ম্যাচটায় অতীতের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতাকে মাটিচাপা দিতে উৎসুক, "আমরা এই ম্যাচের দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে আছি। সর্বশেষ দুটো ম্যাচে ওরা (ব্রাজিল) আমাদের খুব বাজেভাবে হারিয়েছিল। আশা করি এবার অন্য কিছু ঘটবে।" আসলে সর্বশেষ দুই ম্যাচে নয়, তিন ম্যাচে ব্রাজিলের কাছে বিধ্বস্ত হয়েছিল আর্জেন্টিনা। তবে ২০০৫ সালে কনফেডারেশন্স কাপের ফাইনালে ব্রাজিল ৪-১ গোলে জিতলেও সেই ম্যাচে মেসি খেলেননি।
ব্রাজিলের সঙ্গে ম্যাচটা ছাড়াও অলিম্পিকের দিকেও আগ্রহ নিয়ে তাকিয়ে মেসি। সেই সঙ্গে বার্সেলোনার কোনো ম্যাচ মিস করতেও তিনি রাজি নন, "আমি গেমসে (অলিম্পিকে) খেলতে চাই। তবে একই সঙ্গে আমার ক্লাবকেও সাহায্য করতে চাই। কারণ আমি চাই দুটো দলকে নিজের সেরাটা ঢেলে দিতে। আর দুটো দলই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬৫০ঘ.
bdnews24