তিগনেস, ফ্রান্স, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিনেদিন জিদান ফুটবলের মহানায়ক, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। বাফেতিম্বি গমিস কখনো 'জিজু'র কাছাকাছিও যেতে পারবেন না হয়তো, কিন্তু একটা দিক দিয়ে তিনি এখন তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পাশে। ১৪ বছর আগে ফ্রান্সের পক্ষে অভিষেক ম্যাচেই দুই গোল করেছিলেন জিদান। মঙ্গলবার ইকুয়েডরের সঙ্গে এক প্রস্তুতি ম্যাচে একই কীর্তি গড়ার পুরস্কারও সঙ্গে সঙ্গেই পেয়ে গেলেন গমিস। বুধবার ইউরো ২০০৮এর জন্য ঘোষিত ২৩ সদস্যের ফ্রান্স দলে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার।
গমিসের আনন্দের দিনে সম্ভবত সবচেয়ে দুঃখে আক্রান্ত জিব্রিল সিসে। ফরাসী লিগে দু জনেই ১৬টি করে গোল করলেও গমিসের ওপরেই আস্থা রেখেছেন ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখ। ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয়ার্ধে সিসের বদলে মাঠে নেমেই ম্যাচটা ফরাসীদের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন গমিস। ইনজুরির কারণে গত বিশ্বকাপও মিস করা সিসে ছাড়া অনুপস্থিতদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ডেভিড ত্রেজেগে। জুভেন্টাসের এই স্ট্রাইকারকে অবশ্য ৩০ জনের প্রাথমিক দলেই রাখেননি ডমেনেখ।
বিশ্বকাপের রানার্সআপরা ইউরোতে খেলবে 'সি' গ্র"পে। সেখানে তাদের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, নেদারল্যান্ডস ও রোমানিয়া।
ফ্রান্স দল :
গোলকিপার : গ্রেগরি কুপে, সেবাস্টিয়ান ফ্রেই, স্টিভ মানদান্দা।
ডিফেন্ডার : এরিক আবিদাল, জাঁ-অ্যালেইন বুমসং, ফ্র্যাংকয়েস ক্লার্ক, সেবাস্টিয়ান স্কুইলাসি, উইলিয়াম গ্যালাস, প্যাট্রিস এভরা, উইলি স্যানিয়ল, লিলিয়ান থুরাম।
মিডফিল্ডার : লাসানা দিয়ারা, ক্লদ ম্যাকেলেলে, জেরেমি থুলালান, প্যাট্রিক ভিয়েরা
ফরোয়ার্ড : নিকোলাস আনেলকা, করিম বেনজেমা, সিডনি গোভু, সামির নাসরি, বাফেতিম্বি গমিস, থিয়েরি অঁরি, ফ্লোরেন্ত মালুদা, ফ্র্যাঙ্ক রিবেরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.
bdnews24