২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জিতবোই' এমন কথা বলে যেতে পারল না ইউসুফের দল

দক্ষিণ এশীয় ফুটবলে বাংলাদেশ নিজেদের বড় শক্তি বলেই মনে করে। একবার করে সাফ গেমস ফুটবল ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশের এই দাবী একেবারে হেলেফেলা করে উড়িয়ে দেয়ার খুব সুযোগ নেই। কিন্তু আবার জিতবো, এমনটি বলে যেতে পারছে না বাংলাদেশ দল। প্রথমত নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দক্ষিণ এশীয় ফুটবলে বাংলাদেশ নিজেদের বড় শক্তি বলেই মনে করে। একবার করে সাফ গেমস ফুটবল ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশের এই দাবী একেবারে হেলেফেলা করে উড়িয়ে দেয়ার খুব সুযোগ নেই। কিন্তু আবার জিতবো, এমনটি বলে যেতে পারছে না বাংলাদেশ দল। প্রথমত নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাস নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে। তারপর শুনছে প্রতিপক্ষদের দারুনভাবে তৈরি হওয়ার খবর। এসবের প্রভাবে নিজেদের শক্তিমত্তা নিয়ে সংশয়ে পড়েছে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপগামী বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরুর প্রাকমুহূর্তেও দক্ষিণ এশীয় ফুটবলে নিজেদের অবস্থান ঠিক করতে পারছেন না দলের কোচ ও ফুটবলাররা। এরকম দোনোমনো অবস্থা নিয়ে ২৬ সদস্যের বাংলাদেশ মঙ্গলবার ঢাকা ছাড়ছে থাইল্যান্ডের উদ্দেশ্যে। ব্যাংককে আগামী ২৮ ও ৩০ জুন দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে যাবে টুর্নামেন্টের ভেন্যু কলম্বোতে। শ্রীলংকা ও মালদ্বীপের যৌথ আয়োজনে আগামী ৩ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে ১৪ জুন শেষ হবে। এ উপলক্ষে সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে নতুন অধিনায়ক আমিনুল হকের নেতৃত্বে ২০ জনের দল ঘোষণা করা হয়েছে। হাসান আল মামুনের হাত ঘুরে নেতৃত্বের ব্যাটন উঠেছে আমিনুলের হাতে। এ পরিবর্তন নিয়ে সংবাদ সম্মেলনে অনেক কথা হয়েছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় অবশ্য নেতৃত্ব গুনের কথা বলেছেন, "দলকে নেতৃত্ব দেওয়ার গুনটা সবার মধ্যে থাকে না। আমিনুলের গুনটা আছে। মাঠে ও মাঠের বাইরে দলকে ঐক্যবদ্ধ রাখার মতো ক্ষমতা তার আছে। ব্যর্থতার জন্য মামুনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন নয়।" আধিনায়ক পাল্টে বাংলাদেশ দলের খোলনলচে বদলানো যাবে, এমনটি নয়। দলের একমাত্র নতুন সদস্য আব্দুল বাতেন মজুমদার কমল, বাকি ১৯ জনের গায়ে আগেই উঠেছে জাতীয় দলের জার্সি। সদ্য সমাপ্ত এএফসি চ্যালেঞ্জ কাপে ব্যর্থ হওয়া দলের সঙ্গে বড় দুটি সংযোজন হচ্ছে মিডফিল্ডার আরিফ খান জয় ও ডিফেন্ডার নজরুল ইসলাম। তারপরও এই দলের প্র্যাকটিস ম্যাচ দুটি বড় কোনো প্রত্যাশা জাগাতে পারেনি। তারপরও বাংলাদেশ দলের কোচ আবু ইউসুফ বরাবরের মতোই আশাবাদী, "আমি সবসময় আশাবাদী। সাফল্য পাওয়ার জন্য আমরা শেষপর্যন্ত চেষ্টা করে যাবো।" কিন্তু এজন্য ফুটবলারদের সামর্থ্যের প্রয়োগ চান কোচ, "ফুটবলাররা নিজেদের সামর্থ্যের সত্তর শতাংশ প্রয়োগ করতে পারলে আমরা জিতবো।" মানে ফুটবলাররা ভাল খেললে জিতবে, এই সাধারণ কথাটি একটু ঘুরিয়ে বলেছেন কোচ। সেভাবে তারা খেলতে পারেনি এএফসি চ্যালেঞ্জ কাপে, সেজন্য কোচ দেশে ফিরে ফুটবলারদের সমালোচনাও করেছেন। কিন্তু কোচের দল সাজানো নিয়েও কিছু প্রশ্ন আছে। দলে মাত্র দুজন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও বাতেন মজুমদার। দ্বিতীয় জনের প্রথম একাদশে না থাকার সম্ভাবনাই বেশি। তাহলে স্ট্রাইকার কী কম হয়ে গেল না ? কোচের জবাব, "মাঝমাঠের অনেক খেলোয়াড় আছে যারা স্ট্রাইকিংয়ে যায়। সেটা কোনো সমস্যা নয়।" এত মিডফিল্ডারের কথা বলা হলেও মাঝমাঠ থেকে একটাও থ্রু পাস দেখা যায়নি প্র্যাকটিস ম্যাচে। সেই প্র্যাকটিস ম্যাচ দুটো দেখে রোববার দলের ম্যানেজার শেখ মোহাম্মদ আসলাম হতাশা ব্যক্ত করেছিলেন কোনো লুকোচুরি না করে। তবে সোমবারের সংবাদ সম্মেলনে কোচের সামনে সেই হতাশা লুকিয়ে রেখে সাফগামী ম্যানেজার বলেছেন, "আমি বাংলাদেশ দলকে যে পর্যায়ে দেখতে চাই তা দেখতে পাইনি প্র্যাকটিস ম্যাচে। কিন্তু কোচ আত্মবিশ্বাসী। তিনি দলের সঙ্গে কাটিয়েছেন বেশিরভাগ সময়, তিনিই আসল লোক।" তবে স্বীকার করতে হবে এই আসল লোকটির মাথায় তেমন কোনো ট্যাকটিকস নেই। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি সমানতালে ওপর-নীচে ওঠানামা করে খেলার বুলি আউড়ে যাচ্ছেন। আফগানিস্তানের খেলা দেখার পরও তাদের বিপক্ষে লড়ার বিশেষ কোনো কৌশল নেই তার মাথায়। নেই এএফসি চ্যালেঞ্জ কাপে পাকিস্তানকে ৭-১ গোলে হারানো শ্রীলংকা নিয়ে। শুধু খেলোয়াড়দের কাছ থেকে সামর্থ্যরে সত্তর ভাগ দাবি করে যাচ্ছেন বাংলাদেশের এই কোচ। তার মধ্যেও একটা সুখবর হচ্ছে, ৪ জুন দুর্বল ভুটানের সঙ্গে প্রথম ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হচ্ছে। বাফুফের পক্ষ থেকেও দেওয়া হয়েছে নতুন ঘোষনা, টুর্নামেন্টে কারো ইনজুরি হলে চিকিৎসার সব খরচ দেওয়া হবে। অর্থাৎ মূল বার্তাটা হচ্ছে, টুর্নামেন্টের শুরু থেকেই সর্বস্ব উজাড় করে দিয়ে লড়াই করো। বাংলাদেশ দল : আমিনুল, বিপ্লব, হাসান আল মামুন, ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, রজনী, অরূপ, অতিকুর রহমান মিশু, মোফাজ্জল, নজরুল ইসলাম, এনামুল হক, ফয়সাল মাহমুদ, জাহিদ পারভেজ, মামুনুল ইসলাম, আরিফ খান জয়, আবুল হোসেন, আরমান আজিজ, মেহেদী হাসান উজ্জ্বল, জাহিদ হাসান এমেলী, বাতেন মজুমদার কমল। দলনেতা : শফিকউজ্জামান, ম্যানেজার : শেখ মোহাম্মদ আসলাম, কোচ : আবু ইউসুফ, সহকারী কোচ : গোলাম রব্বানী ছোটন, ডাক্তার : মাহফুজ উল্লাহ চিশতী, টিম স্টাফ : মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.