২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত আবাহনীতেই সুজন

মোহাম্মদ সুজনকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। এই ডিফেন্ডারকে সঙ্গে নিয়েই আবাহনী সোমবার ১৬ জনকে রেজিস্ট্রেশন করিয়েছে দ্বিতীয় বি. লিগের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মোহাম্মদ সুজনকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। এই ডিফেন্ডারকে সঙ্গে নিয়েই আবাহনী সোমবার ১৬ জনকে রেজিস্ট্রেশন করিয়েছে দ্বিতীয় বি. লিগের জন্য। ১৬ জনের মধ্যে ১৪ জনই গতবারের দলের। কদিন আগেই তারা জাতীয় দলে সুযোগ পাওয়া ৮ জনের সঙ্গে নতুন করে চুক্তি করেছে। তারা হলেন আরিফ খান জয়, নজরুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি, ওয়ালী ফয়সাল, জাহিদ পারভেজ, মেহেদী হাসান উজ্জ্বল ও আবুল হোসেন। বাকি ৬ জন হলেন মোহাম্মদ সুজন, ইবনুল সিরাজী, প্রদীপ পোদ্দার, আতিকুল ইসলাম তারিক, শাহাজউদ্দিন টিপু ও প্রাণতোষ। এদের মধ্যে খানিকটা বিতর্কের জন্ম দিয়েছেন মোহাম্মদ সুজন। এই ডিফেন্ডার ব্রাদার্সে চলে যাচ্ছেন, এরকম খবর অবাক করেছে আবাহনী কর্মকর্তাদের। গতবার আবাহনীর কাছ থেকে টাকা নিয়েও তিনি ম্যাচ খেলতে পারেননি ইনজুরির জন্য, সেই হিসেবে তার আবাহনী ছেড়ে যাওয়ার খবরটা ছিল চমক জাগানো। শেষপর্যন্ত অবশ্য মিটমাট হয়েছে বিষয়টার। সোমবার দুপুরে আবাহনী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আবাহনীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজন। ব্রাদার্স ম্যানেজার আমের খান অবশ্য ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন, "আবাহনী তাকে খেলাবে না এই ভেবে সুজনকে আমরা নিতে চেয়েছিলাম। কিন্তু তার প্রতি আবাহনীর আগ্রহ দেখে আমরা ছেড়ে দিয়েছি। এরকম একজন প্রতিভাবান ডিফেন্ডারকে সাইডবেঞ্চে বসিয়ে না রেখে আবাহনী খেলাবে, এটাই প্রত্যাশা করি।" তবে আরেকটা খবর হচ্ছে, গতবার না খেললেও সুজনের সঙ্গে আবাহনীর চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। সেজন্যই অন্য কোনো দলে পা বাড়ানোটা তার জন্য সহজ ছিল না। এছাড়া রহমতগঞ্জের ডিফেন্ডার শোয়েব হোসেন সনি ও ব্রাদার্সের মিডফিল্ডার মামুনুল ইসলামকে চুক্তিবদ্ধ করেছে আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২৫ঘ.