ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্লাব কাপ হকি ম্যাচে ঊষার সঙ্গে ম্যাচ ড্র করলেও গ্রীন ডেল্টা হকি লিগে সেটা পারেনি আবাহনী। রোববার হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-৪ গোলে হেরে শিরোপার দৌড়ে অনেকটাই পেছনে পড়ে গেলো আবাহনী। আর গতবারের দুই যুগ্ম চ্যাম্পিয়নের লড়াইয়ে জিতে ঊষা ৯ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে। সমসংখ্যক ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে অনেকটা পেছনে পড়ে গেছে আরেক যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনী। ঊষা এখন শিরোপার এতটাই কাছাকাছি যে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া সুপার ফাইভে তিনটি ম্যাচ জিতলেই তারা চ্যাম্পিয়ন।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রোববার আবাহনী গোল মিসের এমন মহড়া দিয়েছে যে নিকট অতীতে তার সঙ্গে তুলনীয় কিছু পাওয়া যাচ্ছে না। পুরো প্রথমার্ধ মাঠে আধিপত্য বিস্তার করে খেলেও অবিশ্বাস্যভাবে তারা পিছিয়ে পড়ে ০-২ গোলের ব্যবধানে। ঊষার পাকিস্তানী কোচ রানা অবশ্য এটাকে তার ট্যাকটিক্যাল জয় বলে দাবী করছেন, "আমরা কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলার পরিকল্পনাই করে নেমেছি এবং সুযোগগুলো কাজে লাগিয়ে ম্যাচ জিতে নিয়েছি।"
ওদিকে আবাহনী কোচ মাহবুব হারুন দুষেছেন ডিফেন্স ও গোলরক্ষক জাহিদ হোসেনকে, "ম্যাচে আমাদের আধিপত্য ছিল কিন্তু ডিফেন্স ও গোলরক্ষকের ভুল গোল হজম করেছি। আর ফরোয়ার্ডরা একের পর এক গোল মিস করেছে।" তার মতে অন্তত ড্র করা উচিত ছিল ম্যাচটি। কাঠগড়ায় আবাহনীর ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন, ফারুক আহমেদ, হেদায়েতুল ইসলাম রাজীব, ফিরোজ আহমেদ ও গোলরক্ষক জাহিদ হোসেন। তারা হিমশিম খেয়েছে ঊষার ফরোয়ার্ড জাহিদুল ইসলাম রাজন ও মাকসুদুল আলম হাবুলকে ঠেকাতে। কিন্তু তাদের ডিফেন্সে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন আবাহনীর ফরোয়ার্ডরা। ঊষার গোলপোস্টের সামনে দাঁড়িয়ে সুবর্ণ সব সুযোগ নষ্ট করেছেন রাসেল মাহমুদ জিমি, মওদুদুর রহমান শুভ, পাকিস্তানী মোদাচ্ছের ও ইমরান খানরা। এমনকি ৫ টা পেনাল্টি কর্ণার ও একটা পেনাল্টি স্ট্রোক থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন তারা।
আর প্রতিপক্ষ প্রথমার্ধে দুটো কাউন্টার অ্যাটাক করেই পেয়ে গেছে দুই গোল। ১১ মিনিটে বাঁদিক থেকে পাঠানো টিটুর ক্রসে প্রথম গোল করেছেন মাকসুদ আলম হাবুল। পরের মিনিটেই পাকিস্তানী আখতার আলী তিন ডিফেন্ডারকে কাটিয়ে বোকা বানিয়ে চমৎকার এক গোল করে ব্যবধান দ্বিগুন করেছেন।
২০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও দূর্বল হিট করে নষ্ট করেছেন আবাহনীর জিমি। ৫ মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ হন মামুনুর রহমান চয়ন।
২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করেন জিমি। শুভর হিটে স্টিক ছুঁইয়ে দিয়ে ব্যবধান কমিয়েছেন আবাহনীর এই স্ট্রাইকার। এই গোলের পর আবাহনীর আক্রমনের ধার বেড়ে যায় কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতার বারবার অক্ষত থেকে যায় ঊষার গোলপোস্ট। উল্টো ৪৯ মিনিটে তৃতীয় গোল হজম করে তারা কাউন্টার অ্যাটাক থেকে। তারিক আজিজের এই গোলের জন্য দায়ী আবাহনীর গোলরক্ষক জাহিদ। ৬১ মিনিটে আবাহনীর মুদাচ্ছের গোল করে ব্যবধান কমান এবং সমতার আশা জাগিয়ে রাখেন। কিন্তু ৬৮ মিনিটে আখতার আলী পেনাল্টি স্ট্রোক থেকে গোলের ব্যবধান ৪-২ করে ঊষার জয় নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪০ঘ.
bdnews24