২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিস ম্যাচ দেখে সাফ চ্যাম্পিয়নশিপগামী ম্যানেজারের সংশয়

প্র্যাকটিস ম্যাচে সাফ ক্যাম্পের ফুটবলারদের খেলা দেখে ভীষণ হতাশ শেখ মোহাম্মদ আসলাম। বাংলাদেশ দলের নবনির্বাচিত এই ম্যানেজার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে পারবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 01:49 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্র্যাকটিস ম্যাচে সাফ ক্যাম্পের ফুটবলারদের খেলা দেখে ভীষণ হতাশ শেখ মোহাম্মদ আসলাম। বাংলাদেশ দলের নবনির্বাচিত এই ম্যানেজার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে পারবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। রোববার বাফুফেতে বসে বাংলাদেশ দলের ম্যানেজার বলেছেন, "প্র্যাকটিস ম্যাচে তারা যে ধরনের খেলা খেলেছে তাতে আমি বেশ হতাশ। এরকম খেললে সাফে তারা কতটুকু কী করতে পারবে বলা মুশকিল।" শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ইন্ডিপেনডেন্ট স্পোর্টিং ক্লাবের সঙ্গে সাফ ক্যাম্পের ফুটবলারদের ড্র ম্যাচটি সাবেক তারকার মধ্যে একটুও আশার সঞ্চার করতে পারেনি। এটাকে সম্ভাব্য জাতীয় দলের পারফরম্যান্স বলে মানতে পারছেন না তিনি, "এতদিন প্র্যাকটিস করার পরও তাদের মধ্যে কম্বিনেশনের অভাব প্রকট। মাঝমাঠে জয় ছাড়া আর কারো খেলা তো সেভাবে চোখে পড়ল না। মাঝমাঠ থেকে খেলা তৈরি করার মতো কাউকে দেখলাম না। তাই স্ট্রাইকার এমিলির পায়েও বল যায়নি।" এই ম্যাচে ১০ মিনিটে এমিলির দেওয়া একমাত্র গোলে সাফ ক্যাম্প জিতলেও প্রতিপক্ষকেই বেশি মার্কস দিচ্ছেন আসলাম। "জাতীয় দলের ক্যাম্পের ফুটবলারদের চেয়ে ইন্ডিপেনডেন্ট স্পোর্টিং ক্লাব অনেক ভাল খেলেছে। তারা অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছে। আমাকে বিস্মিত করেছে সম্ভাব্য জাতীয় দলের ডিফেন্সের চার জনের মধ্যে সমন্বয়হীনতার ব্যাপারটা"--- বলেছেন বাংলাদেশ দলের সাবেক তারকা স্ট্রাইকার। এছাড়াও কোচ আবু ইউসুফের ম্যাচ খেলানোর ফর্মেশন নিয়েও তার আপত্তি আছে, "কোচ খেলাতে চাইছেন ৪-৪-২ ফর্মেশনে, যেখানে ওপর-নীচে ওঠানামা করে খেলতে হয়। কিন্তু এই ফর্মেশনের মাধ্যমে আধুনিক ফুটবলের জন্য আমরা কতোটা প্রস্তুত সেটাও বোঝা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯৪৫ঘ.