২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি কোচ গ্রান্ট বরখাস্ত

চেলসি কোচ আবরাম গ্রান্ট বরখাস্ত হয়েছেন। শনিবার চেলসি ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণাটি দেয়া হয়েছে। তার জায়গা কে নেবেন সে সংক্রান্ত কোনো ঘোষণা না এলেও ইংলিশ মিডিয়ার খবর সত্যি ধরলে বার্সেলোনা ত্যাগ করা ফ্রাঙ্ক রাইকার্ডই হতে যাচ্ছেন চেলসির নতুন কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:53 PM

লন্ডন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চেলসি কোচ আবরাম গ্রান্ট বরখাস্ত হয়েছেন। শনিবার চেলসি ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণাটি দেয়া হয়েছে। তার জায়গা কে নেবেন সে সংক্রান্ত কোনো ঘোষণা না এলেও ইংলিশ মিডিয়ার খবর সত্যি ধরলে বার্সেলোনা ত্যাগ করা ফ্রাঙ্ক রাইকার্ডই হতে যাচ্ছেন চেলসির নতুন কোচ। এ মৌসুমের শুরুতে হোসে মরিনহোকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছিল ইসরায়েলি কোচ গ্রান্টকে। সর্বোচ্চ পর্যায়ে তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও চেলসিকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাওয়া এবং প্রিমিয়ার লিগের রানার্স আপ বানানো কৃতিত্ব হিসেবেই ধরতে হবে। কিন্তু চেলসির মালিক রোমান আব্রাহামোভিচের কাছে দ্বিতীয় হওয়া কোনো সাফল্য নয়। তাই বিদায় নিতে হলো গ্রান্টকে। আব্রাহামোভিচের ঘনিষ্ঠ কেউ কেউ অবশ্য জানাচ্ছেন, শুধু ট্রফি খরাই নয়, আব্রাহামোভিচ এখন চাইছেন চেলসি হয়ে উঠুক সুন্দর ফুটবলেরও প্রতীক। আর সে সমীকরণ থেকেই আলোচনায় উঠে এসেছে রাইকার্ডের নাম। এবার পুরোপুরি ব্যর্থ হলেও বার্সেলোনাকে গত কয়েক বছর রাইকার্ড যে ফুটবলটা খেলিয়েছেন তাতে পুরো ফুটবলবিশ্বই মোহিত। আব্রাহামোভিচ চান তার দলও এমন ফুটবল খেলুক; আর সেজন্যই তিনি হাত বাড়িয়েছেন রাইকার্ডের দিকে। তালিকায় অবশ্য সাবেক কোচ হোসে মরিনহোকেও রাখছেন অনেকে। কিন্তু মরিনহো নিজেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, সোমবারই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের দায়িত্ব নিচ্ছেন তিনি। টানা তিনবার ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন হলেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার কারণে ইন্টার তাদের কোচ রবার্তো মানচিনির প্রতি আকর্ষণ হারিয়ে চাইছে এমন কাউকে যার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর ক্ষমতা আছে। মরিনহোকে তাদের কাছে তেমন ক্ষমতাধর লোকই মনে হচ্ছে। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলেও তার আগে পোর্তোর হয়ে ইউরোপের সেরা এই ক্লাব প্রতিযোগিতাটি জিতেছিলেন মরিনহো। গোল ডটকমের সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৬৩৫ঘ.