ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সাধারণ্যে কোনো প্রত্যাশা জাগাতে না পারলেও দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ ফুটবল ক্যাম্প ১-০ গোলে হারিয়েছে ইন্ডিপেনডেন্ট স্পোর্টিং ক্লাবকে। আগামী মাসে কলম্বোয় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য দল গড়তে এই প্র্যাকটিস ম্যাচের আয়োজন। প্র্যাকটিস কেমন হয়েছে, ক্যাম্পের ফুটবলাররা কতোটা তৈরি এটা তার একটি পরীক্ষা। যেখানে টেনেটুনে পাস করেছে জাতীয় দলের ক্যাম্পে প্রশিক্ষণরত ফুটবলাররা।
ভাগ্য ভালো যে ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলটি পেয়ে গিয়েছিল তারা। বাঁ দিক থেকে ওয়ালী ফয়সালের ক্রসে জাহিদ হাসান এমিলির চমৎকার হেডে এগিয়ে যায় সাফ ক্যাম্প। এমন ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন এমিলি যে তাতে ইন্ডিপেনডেন্ট স্পোর্টিংয়ের গোলরক্ষক নিজাম মজুমদারের কিছুই করার ছিল না। এরপর অবশ্য আর কঠিন পরীক্ষা দিতে হয়নি তাকে।
কারণ পরীক্ষায় ফেলার মতো কোনো পরিকল্পনাই ছিল না সাফ ক্যাম্পের ফুটবলারদের খেলায়। সুন্দর কোনো পাস দেখা যায়নি, বরং বল পেলে অযথা ড্রিবল করতে গিয়ে প্রতিপক্ষের পায়ে জমা দিয়েছে। মাঝমাঠে জয় প্রতিপক্ষকে ঠেকিয়ে দেওয়ার কাজটি ভাল করলেও সেখানে আক্রমণ তৈরি করার মতো কুশলী ফুটবলারের অভাব বড় প্রকট। বলা যায় এলোমেলো একটি দলের পারফরম্যান্স, যাদের সাফ চ্যাম্পিয়নশিপে পাঠিয়ে খুব আশাবাদী হওয়ার কিছু নেই।
বরং পরাজিত স্পোর্টিং ইন্ডিপেনডেন্টকে বাহ্বা দিয়েছে অনেকে। অথচ আলফাজ, টিটু, পারভেজ বাবুদের তেমন প্র্যাকটিস নেই, কখনো একাট্টা হয়ে খেলেও নি। ফুটবলহীন শুয়ে-বসে কাটানো এসব ফুটবলারদের সামনেই ত্রাহি মধুসুদন অবস্থা ছিল সাফগামী ফুটবলারদের ! ইন্ডিপেনডেন্টের ফরোয়ার্ডরা গোল মিসের মহড়া না দিলে এই ম্যাচ তারাই জিততে পারতো অনায়াসে। দ্বিতীয়ার্ধে তারা যেভাবে সাফ ক্যাম্পের ডিফেন্সের ওপর চেপে বসেছিল তাতে যে কোনো মুহূর্তে গোল হয়ে যেতে পারতো। দু-দুবার গোলপোস্টের সামনে দাঁড়িয়ে সুযোগ নষ্ট করেছেন কাঞ্চন। তারপর এই ব্যর্থতার মিছিলে শরিক হয়েছেন মিলন, মামুন, ফয়সালরা।
সাফ ক্যাম্পের ডিফেন্সের এমনই ছন্নছাড়া হাল দেখা গেছে যে তাতে ভরসা পাওয়াই কঠিন। অবশ্য দ্বিতীয়ার্ধে পুরো মাঝমাঠ অকেজো হয়ে যাওয়ায় বাড়তি চাপ এসে পড়ে ডিফেন্সের ওপর। তবে জাতীয় দলের কোচ আবু ইউসুফ ইনজুরির ভয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বলেছেন, "আমি ঝুঁকি না নিয়ে তাদের নিরাপদে খেলার জন্য বলেছি দ্বিতীয়ার্ধে। কারণ ওরা খুব আক্রমণাত্মক মেজাজে খেলছিল, যে কোনো সময় ইনজুরি হতে পারতো।"
তবে এই ম্যাচের পরও কোচ সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, "প্রথমার্ধে আমরা ভাল খেলেছি। দ্বিতীয়ার্ধে আমরা কাউন্টার অ্যাটক নির্ভর খেলতে চেষ্টা করেছি।" তাতে গোল খেয়ে যাওয়ার উপক্রম হলেও তা নিয়ে ইউসুফ খুব বেশি চিন্তিত নন। তার ব্যাখ্যা হলো, "এটা একটা পরীক্ষামূলক ম্যাচ। নরসিংদীতে আমরা প্রতিপক্ষকে চাপে রেখে খেলেছি। এখানে পরিকল্পনা ছিল মাঠ বড় করে খেলার, সেটা আমরা করতে পেরেছি। এবং আমার দল সাজানোও একটা ব্যাপার ছিল। তবে মাঝমাঠে আমাদের আরো উন্নতি করতে হবে।"
কিন্তু উন্নতির আর সময় কোথায়? দুয়েক দিনের মধ্যে দল ঘোষণার পর-পরই জাতীয় দল রওনা হয়ে যাবে থাইল্যান্ডে। সেখানে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে যাবে কলম্বোয়, যেখানে আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।
সাফ ক্যাম্প : বিপ্লব, রজনী, হাসান আল মামুন, সৈকত, ওয়ালী ফয়সাল, আবুল, জয়, উজ্জ্বল (কমল), এমিলি, অরূপ, মামুনুল ইসলাম (শরীফ)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১২৬ঘ.
bdnews24