ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এদিক-ওদিক ঢুঁ মেরেও কোনো লাভ হয়নি। ফুটবলারদের বাজার দর খারাপ দেখে পুরনো দলে ফেরত গেছেন আবাহনীর ৮ খেলোয়াড়।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু জানিয়েছেন, "জাতীয় দলের ক্যাম্পে থাকা ৮ খেলোড়কে আমরা নিশ্চিত করে ফেলেছি। তাদের সঙ্গে চুক্তি হয়ে গেছে এবং প্রাথমিকভাবে কিছু টাকাও দেওয়া হয়েছে তাদের।" এই ৮ জন হলেন জাতীয় দলের ক্যাম্পে প্রশিক্ষণরত আরিফ খান জয়, নজরুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি, ওয়ালী ফয়সাল, জাহিদ পারভেজ, মেহেদী হাসান উজ্জ্বল ও আবুল হোসেন। তারা যেন দলবদলের চিন্তা বাদ দিয়ে জাতীয় দলে পুরো মনযোগী হতে পারে, সেজন্যই তাদের সঙ্গে আগেভাগে চুক্তি সেরে ফেলেছে বি. লিগ চ্যাম্পিয়নরা। এদের কয়েকজন অবশ্য আগে বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলেছিলেন, যদি পুরনো দলের চেয়ে বেশি পাওয়া যায়! কিন্তু প্রস্তাবিত অংক শুনে তারা আর ঝুঁকি নেননি।
এছাড়া জাতীয় দলের ক্যাম্পে থাকা আরেকজনের সঙ্গেও আবাহনীর চুক্তি হয়েছে। তিনি হলেন মামুন, ব্রাদার্সের এই মিডফিল্ডারকে এবার দেখা যাবে আকাশী-হলুদ জার্সিতে। তবে চুক্তিপত্রে টাকার অংকের ব্যাপারে কেউ মুখ না খুললেও জয় ও নজরুল এগিয়ে বলে জানা গেছে। আপাতত এই ৯ জনকে চূড়ান্ত করে ফেললেও বাফুফেতে গিয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি ধানমন্ডির ক্লাবটি।
আবাহনীর কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন পুরনো দলকে ধরে রাখাই তাদের লক্ষ্য। আপাতত ৯ জন হয়ে গেলেও বাকিদের সঙ্গে শীঘ্রই চুক্তি হয়ে যাবে বলে জানিয়েছেন রূপু। আসলে এবার ফুটবলারদের বাজার দর তেমন ভাল নয়। এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধার দল গঠন নিয়ে অনাগ্রহ ও ব্রাদার্স বড় দল গড়ার উদ্যোগ না নেওয়ায় বিরূপ প্রভাব পড়েছে বি. লিগের দলবদলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.
bdnews24