ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগা খান ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রিন্স করিম আগা খানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাফুফে। কয়েকদিনের মধ্যে লিখিত প্রস্তাব আসতে পারে বলে ধারণা করছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে করিম আগা খানের বৃহস্পতিবার একটা সভা হওয়ার সম্ভাবনা থাকলেও শেষপর্যন্ত হয়নি। তবু বাফুফে সভাপতি আশা করেন, "আশা করি কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাওয়া আগা খান ফুটবল টুর্নামেন্ট নিয়ে নিজের চিন্তা-ভাবনার কথা আমাদের জানাবেন।"
১৯৫৮ সালে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে যায় ১৯৮২ সালে। প্রিন্স করিম আগা খান বাংলাদেশে আসার পর তা আবার আলোচনায় আসে। প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে আগা খান ফুটবল টুর্নামেন্টটি বন্ধ হওয়ার কথা শুনে করিম আগা খান বিস্ময় প্রকাশ করেছেন।
তার সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক সভা না হলেও বাংলাদেশে তার অনুসারীদের মাধ্যমে বাফুফের উদ্যোগের কথা জানিয়ে দিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৪০ঘ.
bdnews24