ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগা খান ফুটবল টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উদ্যোগী হয়েছে। বন্ধ হয়ে যাওয়া এই টুর্নামেন্ট চালু করতে বৃহস্পতিবার প্রিন্স করিম আগা খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
১৯৫৮ সালে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে ১৯৮২ সালে। প্রিন্স করিম আগা খান বাংলাদেশে আসার পর তা আবার আলোচনায় আসে। প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতে আগা খান ফুটবল টুর্নামেন্টটি বন্ধ হওয়ার কথা শুনে করিম আগা খান বিস্ময় প্রকাশ করেছেন।
তার আগ্রহ দেখে বাফুফেও উদ্যোগী হয়েছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "আমরা ওনার কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছি। এই টুর্নামেন্টের ব্যাপারে ওনার সঙ্গে আমরা আলোচনা করতে চাই। আগামীকাল (বৃহস্পতিবার) হয়তো তিনি সময় দেবেন। "
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৫ঘ.
bdnews24