মাদ্রিদ, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা দুই মৌসুম শিরোপাবিহীন থাকা বার্সেলোনায় এখন ভাঙ্গনের সুর। কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড বরখাস্ত হয়েছেন দিন কয়েক আগে। রোনালদিনিয়ো যে ন্যু ক্যাম্প ছাড়ছেন তাও প্রায় নিশ্চিত। স্যামুয়েল এ'তোরও 'বার্সা'য় বিদায়ঘন্টা বাজছে। স্বয়ং বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা রোনালদিনিয়ো-এ'তোকে বিদায় জানাতে আগ্রহী।
রোনালদিনিয়ো ৫ বছর আগে প্যারিস সেন্ট জার্মেই থেকে যোগ দেয়ার পর পরই বার্সেলোনার সাফল্যের পথে অগ্রযাত্রা শুরু হয়। ১৯৯৯র পর গুরুত্বপূর্ণ কোনো শিরোপা জিততে ব্যর্থ ক্যাটালান ক্লাবটির টানা দু বার স্প্যানিশ 'প্রিমেরা লিগা' এবং একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে বড় অবদান ছিল রোনালদিনিয়োরই। কিন্তু দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের গত বিশ্বকাপ থেকে ফর্ম হারিয়ে ফেলার চরম মাশুল দিতে হয়েছে 'বার্সা'কে। ফর্মের সঙ্গে সঙ্গে তার ফিটনেস সমস্যাও কম ঝামেলায় ফেলেনি ম্যারাডোনা-ক্রুইফদের সাবেক ক্লাবকে। এখন তাই রোনালদিনিয়োকে ছেড়ে দিতে উন্মুখ বার্সেলোনা।
স্পেনের একটি টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় সেটাই জানালেন লাপোর্তা, "তার (রোনালদিনিয়োর) নতুন চ্যালেঞ্জ দরকার। আমি রোনালদিনিয়োকে দারুণ একটা বিদায়ী সম্বর্ধনা জানাতে চাই। সে আমাদের যা দিয়েছে তার জন্য যেন সে স্মরণীয় হয়ে থাকে।" রোনালদিনিয়োর মতো বার্সেলোনার অনেক সাফল্যের রূপকার এ'তো সম্পর্কেও লাপোর্তার প্রায় একই কথা, "এ'তো দারুণ আনুগত্য দেখিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। সে (আমাদের দলের) অন্যতম বর্ণিল খেলোয়াড়। আামদেরকে অনেক দুর্দান্ত মুহূর্ত উপহার দিয়েছে সে। চলে গেলে সামনের দরজা দিয়ে, বিশাল সম্মান নিয়ে যাওয়াই তার প্রাপ্য।"
হোসে মরিনহো বা রাফায়েল বেনিটেজের মতো 'হাই প্রোফাইল' কোচ নয়, রাইকার্ডের উত্তরসূরী হিসাবে বার্সেলোনার সাবেক খেলোয়াড় পেপ গার্দিওলার ওপরে আস্থা রাখার কথাও পুনর্ব্যক্ত করেছেন লাপোর্তা, "মরিনহো বা (রাফা) বেনিটেজের মতো কোচের কথা আমরা চিন্তাও করছি না। তারা দু জনই দুর্দান্ত কোচ, তবে বার্সেলোনার জন্য সঠিক ব্যক্তি নন। তাই আমরা রাইকার্ডকে বলেছি যে তিনি চলে গেলে তার জায়গা নেবেন গার্দিওলা।"
গোল ডটকম-এর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৫০ঘ.
bdnews24