২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে নিয়ে বাফুফের শংকা

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে নিয়ে শংকিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বি. লিগের ক্লাবটির দল গঠনে কোনো তৎপরতা না দেখে বাফুফে কর্তারা পেশাদার লিগের আকর্ষণ হারানোর ভয় করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে নিয়ে শংকিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বি. লিগের ক্লাবটির দল গঠনে কোনো তৎপরতা না দেখে বাফুফে কর্তারা পেশাদার লিগের আকর্ষণ হারানোর ভয় করছেন। বি. লিগের দলবদল শুরু হয়ে গেলেও মুক্তিযোদ্ধা একেবারে নীরব। মজার ব্যাপার হচ্ছে, এই দলের গতবারের খেলোয়াড়রা কথা বলার মতো কোনো কর্মকর্তাকে খুঁজে পাচ্ছেন না। কথা বলা যায় কেবল আব্দুস সাত্তারের সঙ্গে। কিন্তু তিনি মুক্তিযোদ্ধার সঙ্গে তার সম্পর্কটা রহস্যময়। তিনি কোন পদে আছেন, তার সঙ্গে কথা বললে কতোটা কী হবে বুঝে উঠতে পারছেন না ফুটবলাররা। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের চেয়ারম্যান ও মহাসচিব পদত্যাগ করেছিলেন। এসময় আবার একটি পক্ষ মামলাও ঠুকে দিয়েছিল। সব মিলিয়ে প্রথম বি. লিগের তৃতীয় দলটির বর্তমান অবস্থা বেশ নাজুক। সেটা টের পেয়েই বাফুফের সহ-সভাপতি বাদল রায় বলেছেন, "মুক্তিযোদ্ধা একটা ঐতিহ্যবাহী ফুটবল দল। তারা দল গঠন না করলে বি. লিগের ভারসাম্য নষ্ট হবে, আকর্ষণও কমে যাবে।" তাই বাফুফে উদ্যোগী হয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়েও কথা বলেছে। জবাবে আশান্বিত হওয়ার মতো কোনো জবাব পাননি বাদল রায়, "মন্ত্রণালয় এবং অন্যান্য কয়েকজনের সঙ্গে কথা বলে লাভ হয়নি। প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করবো মুক্তিযোদ্ধা দলটাকে বাঁচিয়ে রাখার জন্য।" জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কথা বলেছেন মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরীর সঙ্গেও। সেখান থেকেও নাকি কোনো আশার বানী শোনা যায়নি। কারণ অমিন আহমেদ চৌধুরীর মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হওয়ার গুঞ্জন এখনো মন্ত্রনালয়ের ফাইলে আটকে আছে। সুতরাং বাফুফের ভোট বৈতরণী পার হতে না পারা এই সাবেক সামরিক কর্মকর্তার পক্ষেও মুক্তিযোদ্ধায় প্রাণ ফেরানোর সম্ভব হচ্ছে না আপাতত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.