ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হকি মৌসুমে দু দলের প্রথম সাক্ষাতে আবাহনী টাইব্রেকারে মোহামেডানকে হারালেও হকি লিগে তারা জিততে পারেনি। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। ড্রয়ের পরও ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আবাহনী। অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান তৃতীয়।
এবার ক্লাব কাপ হকিতে দুদলের প্রথম লড়াইয়ে মাঠের খেলায় এগিয়ে ছিল আবাহনী। লিগের ম্যাচেও বল দখলের লড়াইয়ে আকাশী-হলুদরা এগিয়ে থাকলেও মোহামেডানও পাল্টা আক্রমণ করে ম্যাচটা দারুন উপভোগ্য করে তুলেছিল। তাদের পাল্টা আক্রমনে প্রায় খেই হারিয়ে ফেলে আবাহনীর ডিফেন্স। এভাবেই ১৩ মিনিটের মাথায় মোহামেডান গোলও পেয়ে যায়। ডানদিক থেকে আসিফ এ নূরের ক্রসটিকে গোলে পরিণত করেন আনমার্কড জাহিদ বিন তালিব। ১৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে তালিবই নিজের দ্বিতীয় গোল করলে মোহামেডান ২-০ গোলে এগিয়ে যায়। পেনাল্টি কর্ণার থেকে ঈসা মিয়ার গোলে নেওয়া হিট তালিবের স্টিক ছুঁয়ে গিয়েছিল। ৩০ মিনিটে অবশ্য পেনাল্টি কর্ণার থেকে গোল করেন ঈসা মিয়া। তার আগে পাকিস্তানী ইমরান খানের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে আবাহনীর শুভ একটি গোল শোধ করেছেন। তারপরও ৩-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে মোহামেডান।
স্বাভাবিকভাবে বিরতির সময়ে আবাহনী শিবিরে খানিকটা পরাজয়ের শঙ্কা ভর করেছিল। তবে ভাল খেলার সুবাদে একটু আশা তো ছিলই। এই আত্মবিশ্বাসের জোরে দ্বিতীয়ার্ধে আরো দুটো গোল করে শেষপর্যন্ত ম্যাচটা ড্র করেছে আবাহনী। ৪৬ মিনিটে মোদাচ্ছেরের ক্রসে পোস্টের সামনে থেকে আলতো টোকায় গোল করেন ইমরান। ৬৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে মামুনুর রহমান চয়নের গোলে আবাহনী হার এড়ায়।
দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৫-১ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। তাতে বড় অবদান রেখেছেন কৃষ্ণ কুমার হ্যাটট্রিক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০১৭ঘ.
bdnews24