২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে ফিরলেন আদ্রিয়ানো

ফর্মহীনতা, ইনজুরি সমস্যা, অতিরিক্ত মদ্যপানজনিত ঝঞ্ঝাট --- গত বছরটা বিতর্ক আর দুঃসময় হাত ধরাধরি করে চলেছিল তার সঙ্গে। সেই দুঃসহ দিনগুলোকে পেছনে ফেলে আদ্রিয়ানোর পায়ে আবার পুরনো ঝলকের ইঙ্গিত। ইন্টার মিলান থেকে গত ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে ধারে যোগ দেয়ার পর সব মিলিয়ে তার গোল সংখ্যা ১৬টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 05:12 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

রিও ডি জেনিরো, ১৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফর্মহীনতা, ইনজুরি সমস্যা, অতিরিক্ত মদ্যপানজনিত ঝঞ্ঝাট --- গত বছরটা বিতর্ক আর দুঃসময় হাত ধরাধরি করে চলেছিল তার সঙ্গে। সেই দুঃসহ দিনগুলোকে পেছনে ফেলে আদ্রিয়ানোর পায়ে আবার পুরনো ঝলকের ইঙ্গিত। ইন্টার মিলান থেকে গত ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে ধারে যোগ দেয়ার পর সব মিলিয়ে তার গোল সংখ্যা ১৬টি। ফর্মে থাকার পুরস্কার পেতেও দেরি হলো না আদ্রিয়ানোর। আগামী মাসে প্যারাগুয়ে ও আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের দলে তাকে রেখেছেন ব্রাজিলের কোচ ডুঙ্গা। গত বিশ্বকাপের পর মাত্র দ্বিতীয় বারের মতো জাতীয় দলে ডাক পেলেন আদ্রিয়ানো। আগামী ১৫ জুন প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল। তিন দিন পর ঘরের মাঠ বেলো হরিজন্টেতে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য দুটো ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্যারাগুয়েই এখন লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষস্থানে। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের সংগ্রহ ৮ পয়েন্ট। এমন গুরুত্বপূর্ণ দুটো ম্যাচে আদ্রিয়ানোকে দলে ফিরে পেয়ে ডুঙ্গা নিজেও খুব আনন্দিত, "প্রত্যেকেই তার (আদ্রিয়ানোর) সামর্থ্য সম্পর্কে জানে। (দলে) ফিরে আসার জন্য সে দুর্দান্ত ইচ্ছাশক্তি ও সক্ষমতা দেখিয়েছে। তার ফুটবল-প্রতিভা কখনোই সংশয়ের মধ্যে ছিল না। জাতীয় দলে ফেরাটা তার প্রাপ্যই।" প্রত্যাশিতভাবেই দলে সুযোগ পাননি রোনালদিনিয়ো। দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার অবশ্য ইনজুরির কারণে এ মৌসুমে আর মাঠেই নামতে পারছেন না। ইনজুরিতে পড়ার আগে খারাপ ফর্মে থাকলেও ভবিষ্যতে রোনালদিনিয়োকে দলে নেয়ার কথা দৃঢ়ভাবেই জানিয়ে দিয়েছেন ডুঙ্গা, "রোনালদিনিয়োর মধ্যে অনেক ধরনের চমকপ্রদ ব্যাপার আছে। সে বার্সেলোনাকে তাদের আত্মপরিচয় ফিরিয়ে দিয়েছে, কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোপা জিতিয়েছে। এখন আমাদের তাকে শান্তিতে থাকতে দিতে হবে। তাহলেই সে তার ফর্ম ফিরে পাবে। আমরা ভালোমতোই জানি যে ভবিষ্যতে তাকে হিসাবের মধ্যে রাখা হবে।" রোনালদিনহোর চেয়ে ডুঙ্গা বরং ব্রাজিলিয়ান ফুটবলের নবাগত প্রতিভা আলেকজান্দ্রে পাতোকে নিয়ে বেশি দুশ্চিন্তায়। এ মৌসুমে এসি মিলানের হয়ে মাঠে ঔজ্জ্বল্য ছড়ানো পাতো সুইডেনের বিপক্ষে তার অভিষেক ম্যাচে বদলি হিসাবে নেমে দুর্দান্ত এক গোল করেছেন। তারপর থেকেই মিডিয়ায় তাকে নিয়ে হৈ-চৈ। ১৮ বছর বয়সের এক জন ফরোয়ার্ডের জন্য ব্যাপারটাকে ভালো চোখে দেখছেন না ডুঙ্গা। আর তাই পাতোকে যে কোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ ব্রাজিল কোচ, "যতটা সম্ভব আমি পাতোকে রক্ষা করতে চাই। লাখো মানুষের প্রত্যাশার ভার তার কাঁধে আমি চাপিয়ে দিতে পারি না। সব কিছুই স্বাভাবিকভাবে ঘটবে। আমাদের তার মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে। কিন্তু কিছুতেই তাড়াহুড়া করা যাবে না। তার নিজস্ব খেলাটাই খেলতে দিতে হবে তাকে।" আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটোর আগে দুটো প্রদর্শনী ম্যাচও খেলবে ব্রাজিল। ৩১ মে সিয়াটলে কানাডা এবং ৬ জুন বোস্টনে ভেনেজুয়েলার সঙ্গে সেই ম্যাচ দুটোর জন্য তাদের দল প্রায় একই। তবে সাও পাওলো না ছাড়ায় এই দুই ম্যাচে আদ্রিয়ানোকে পাচ্ছে না ব্রাজিল। ব্রাজিল দল : গোলকিপার : জুলিও সিজার, ডোনি, ডিয়েগো আলভেস। ডিফেন্ডার : ড্যানিয়েল আলভেস, মাইকন, জিলবার্তো, মার্সেলো, ক্লেবার, লুসিও, অ্যালেক্স কস্টা, হুয়ান, লুইজাও। মিডফিল্ডার : এলানো, জিলবার্তো সিলভা, মিনেইরো, জোসুয়ে, অ্যান্ডারসন, ডিয়েগো, কাকা। ফরোয়ার্ড : আদ্রিয়ানো, আলেক্সান্দ্রে পাতো, জুলিও ব্যাপ্টিস্টা, লুই ফ্যাবিয়ানো, রাফায়েল সবিস, রবিনিয়ো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.