ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বি. লিগের দলবদলের প্রথম দিনেই রেলিগেশন জটিলতার অবসান হয়েছে। ক্লাবগুলোর সম্মতিতেই বি. লিগ থেকে একটি দলের অবনমনের (রেলিগেশন) সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে, রাজশাহীর দিগন্ত প্রসারী যোগ হয়ে এবার পেশাদার লিগের লড়াই হবে ১২ দলের।
বুধবার হঠাৎ ক্লাবগুলোর দেওয়া চিঠিটি শংকায় ফেলে দিয়েছিল বি. লিগের দলবদলকে। দলবদল শুরুর আগেরদিন ৯ টি ক্লাব অবনমন-প্রথা (রেলিগেশন) চালু না করার দাবি জানায় আনুষ্ঠানিকভাবে। এজন্য বৃহস্পতিবার বাফুফের জরুরি কমিটি সভায় বসে, তারপর ক্লাব প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন বাফুফে কর্তারা। তাতে এবার একটি দলের অবনমনের সিদ্ধান্ত হয়েছে। বাফুফে সহ-সভাপতি ও বি. লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, "ক্লাবগুলো একটি দলের অবনমনের সিদ্ধান্ত মেনে নিয়েছে। লিগ জমানোর জন্য এটা দরকার ছিল। এজন্য ক্লাব প্রতিনিধিদের আমি ধন্যবাদ জানাই।"
প্রশ্ন হচ্ছে, অবনমন হওয়া দলটি খেলবে কোথায় ? "ক্লাবগুলোই প্রস্তাব করেছে পেশাদার লিগের আওতায় আরেকটা লিগ চালু করতে, বি. লিগ থেকে অবনমিত দলটি তাতে খেলবে। জরুরি কমিটি এই প্রস্তাব বি. লিগ কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে। এটা আমরা বিবেচনায় রেখেছি"---- বলেছেন বি. লিগ কমিটির চেয়ারম্যান।
এছাড়া গতবার ১১ দলকে নিয়ে অনুষ্ঠিত বি. লিগে এবার একটি দল বাড়ানোর সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে। রাজশাহীর দিগন্ত প্রসারীকে নিয়ে দ্বিতীয় বি. লিগ হবে অনেক জমজমাট। আগামীবার দলের সংখ্যা ১৩-তে উন্নীত করার চিন্তা আছে বাফুফের।
বৃহস্পতিবার দলবদলের প্রথম দিনে কোনো খেলোয়াড় দলবদল করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.
bdnews24