ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বি. লিগ সেপ্টেম্বর থেকে আগস্টে এগিয়ে আসার সম্ভাবনা জেগেছে। সোমবার ক্লাবগুলোর সঙ্গে বাফুফে কর্তাদের প্রায় ঘন্টাদেড়েক আলোচনার পর তৈরি হয়েছে এই সম্ভাবনা।
বাফুফে ভবনে সভাশেষে সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, "ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট। অধিকাংশ বিষয়ে আমরা তাদের সঙ্গে একমত। ক্লাবগুলোর বেশ কিছু সুপারিশ যৌক্তিক, আবার কিছু তেমন যৌক্তিক নয়।" বাফুফের নতুন কমিটির সঙ্গে ক্লাবগুলোর এটা প্রথম সভা। তাতে চট্টগ্রাম মোহামেডান ছাড়া বি. লিগের বাকি ১০টি দলের প্রতিনিধিই উপস্থিত ছিলেন। তারা বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ক্লাবগুলোর আর্থিক অসঙ্গতির কথা তুলে ধরেছেন। ফুটবল নিয়ে তাদের সুপারিশও শুনেছে বাফুফের নতুন কমিটি। তাতে বি. লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী ও ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও উপস্থিত ছিলেন।
ক্লাবগুলোর সুপারিশের প্রেক্ষিতে বাফুফে সভাপতি বলেছেন, "ক্লাবগুলো চাইছে বি. লিগ এগিয়ে নিয়ে আসতে। আমরাও সেটা বিবেচনা করছি।" আসলে ক্লাবগুলো প্রশিক্ষণ শিবির চালানোর ব্যয় নিয়ে শংকিত। সেজন্যই আগের সূচী অনুযায়ী সেপ্টেম্বরের বদলে বি.লিগ আগস্টে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে তারা। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। লিগ এগিয়ে নিয়ে আসা হলেও দলবদল অগের সূচী অনুযায়ীই হবে। ১৫ মে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে দলবদল।
ক্লাবগুলোর আর্থিক দুরাবস্থা কাটানোর জন্য বাফুফের নতুন কমিটি উদ্যোগী হয়েছে। কারণ কাজী সালাউদ্দিন বিশ্বাস করেন, "ফেডারেশনের কাজ হচ্ছে ক্লাবগুলোকে সহায়তা করা। ফুটবলকে বাঁচিয়ে রাখেই ক্লাবগুলো। তাই আমরা ক্লাব প্রতিনিধিদের কথা দিয়েছি স্পন্সর থেকে প্রাপ্ত অর্থের ৭০ শতাংশ দলগুলোর মধ্যে সমানভাবে বিলি করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.
bdnews24