ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথমে গোল খেয়েও আবাহনী শেষপর্যন্ত পঞ্চম জয় পেয়েছে ৩-১ গোলে অ্যাজাক্সকে হারিয়ে। আর মোহামেডান অতি সহজে ৬-০ গোলে সাধারণ বীমাকে হারিয়েছে।
সোমবারের এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ঊষার সঙ্গে যুগ্মভাবে হকি লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে আবাহনী। মোহামেডান চতুর্থ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে।
প্রথমবারের মতো দুই পাকিস্তাীকে দলে নিয়ে আবাহনী প্রথমার্ধে স্বাভাবিক খেলা খেলতে পারেনি। আর এই সুযোগে ২২ মিনিটের মাথায় অ্যাজাক্স এগিয়ে যায় রাহাত সরোয়ারের গোলে। ২৯ মিনিটে পাকিস্তানী জাতীয় দলের মোদাচ্ছেরের গোলে ম্যাচে ফেরে আবাহনী। দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নরা ছন্দে ফেরে এবং ৫৪ মিনিটে রাসেল মাহমুদ জিমি ও ৬৮ মিনিটে মামুনুর রহমান চয়নের গোলে ম্যাচ জেতে।
দিনের অন্য ম্যাচে মোহামেডান শুরু থেকে আধিপত্য বিস্তার করে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায়। ২ ও ১২ মিনিটে জাহিদ বিন তালিব এবং ২১ মিনিটে তাপস করেছেন একটি। দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করে বড় জয় নিশ্চিত করে মোহামেডান। ৪২ মিনিটে প্রিন্স, ৪৭ মনিটে আল মাসুম ও ৬৫ মিনিটে আব্দুস সাজ্জাদ জন গোলগুলো করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.
bdnews24