লন্ডন, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা অক্ষুন্ন রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার শেষ রাউন্ডে উইগানের বিপক্ষে ২-০ গোলের জয় নিশ্চিত করেছে ম্যানইউ'র শিরোপা জয়। শিরোপা লড়াইয়ে 'রেড ডেভিল'দের একমাত্র প্রতিদ্বন্দ্বী চেলসি কিন্তু জিততে পারেনি। বোল্টনের সঙ্গে ১-১ গোলে ড্র করায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে 'ব্লুজ'কে।
দু দলের পয়েন্ট সমান হলে গোলগড়ে এগিয়ে থাকার সুবাদে ম্যানইউ চ্যাম্পিয়ন হবে --- শেষ রাউন্ডের আগে এই ছিল ইংলিশ লিগের সমীকরণ। উইগানের মাঠে এই সমীকরণ মাথায় নিয়ে খেলতে নামা অ্যালেক্স ফার্গুসনের দল ৩৩ মিনিটে এগিয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে। ৮০ মিনিটে ওয়েইন রুনির পাস থেকে রায়ান গিগসের গোল নিশ্চিত করে দেয় তাদের জয়।
অন্যদিকে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর ৬২ মিনিটে শেভচেঙ্কোর গোল এগিয়ে দিয়েছিল স্বাগতিকদের। কিন্তু শেষ মুহূর্তে ডেভিসের গোলে জয় হাতছাড়া হয়ে যায় চেলসির। তাতে অবশ্য তেমন ক্ষতি হয়নি তাদের। কারণ নিজেদের ম্যাচে জিতে যাওয়ায় ৮৭ পয়েন্ট নিয়ে ম্যানইউ'র শিরোপা তো নিশ্চিত হয়ে গেছে আগেই! ২ পয়েন্ট কম নিয়ে চেলসিকে তাই টানা দ্বিতীয় বারের মতো রার্নাসআপ হতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/ ২২২০ঘ.
bdnews24