২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করে শিরোপা অনিশ্চিত করে ফেলল ইন্টার

শেষ প্রান্তে এসে হঠাৎই ইন্টার মিলানের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন লক্ষ্যভ্রষ্ট হওয়ার আশঙ্কা। আগের ম্যাচে এসি মিলানের কাছে হেরে যাওয়া ইন্টার রোববার ইতালিয়ান সিরি 'এ'তে ২-২ গোলে ড্র করেছে সিয়েনার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

মিলান, ১১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ প্রান্তে এসে হঠাৎই ইন্টার মিলানের হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন লক্ষ্যভ্রষ্ট হওয়ার আশঙ্কা। আগের ম্যাচে এসি মিলানের কাছে হেরে যাওয়া ইন্টার রোববার ইতালিয়ান সিরি 'এ'তে ২-২ গোলে ড্র করেছে সিয়েনার সঙ্গে। শিরোপা লড়াইয়ে তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী এএস রোমা কিন্তু পয়েন্ট নষ্ট করার বিলাসিতা দেখায়নি। আটালান্টার বিপক্ষে ২-১ গোলের জয় পাওয়ায় রোমা এখন ইন্টারের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে। অথচ এক সময় দু দলের মধ্যে ৬ পয়েন্টের ব্যবধান ছিল। সিরি 'এ'র আর মাত্র এক রাউন্ড বাকি আছে। সিয়েনাকে হারাতে পারলে রোববারই শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারতো ইন্টার। সেক্ষেত্রে শেষ ম্যাচে তারা হেরে গেলে এবং রোমা জিতলে দু দলের পয়েন্ট সমান হতো ঠিকই কিন্তু মুখোমুখি ফলাফলে এগিয়ে থাকায় শিরোপা উঠতো ইন্টারেরই ঘরে। নিজেদের মাঠ সানসিরোতে তাই উৎসব পালন করার প্রস্তুতি নিয়েই এসেছিল ইন্টারের সমর্থকরা। কিন্তু দু বার এগিয়ে গিয়েও জয় পায়নি ইতালির বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ ও ৪৫ মিনিটে ভিয়েরা ও বালোতেল্লি দু বার ইন্টারকে এগিয়ে দিলেও ৩১ ও ৬৯ মিনিটে মাক্কারোনে ও খারজার গোলে এক পয়েন্ট ছিনিয়ে নেয় সিয়েনা। তবে রোমা জয় হাতছাড়া করেনি। ২৩ ও ৬৭ মিনিটে পানুচ্চি ও ডি রসির লক্ষ্যভেদে তারা এগিয়ে যায় ২-০ গোলে। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আটালান্টা একটা গোল ফেরালেও রোমাকে জয়বঞ্চিত করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.