ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অষ্টম এশিয়া কাপ হকির আয়োজক হতে চায় বাংলাদেশ। এজন্য বাংলাদেশকে লড়তে হবে ইরান, ব্র"নেই ও ম্যকাও-এর সঙ্গে। আগামী জুলাইয়ে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এশিয়ান হকি ফেডারেশনের কংগ্রেসে এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ হবে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজেদ আদেল বলেছেন, "শনিবার হকি ফেডারেশনের সভায় ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে আয়োজক হওয়ার জন্য বাংলাদেশ সর্বাত্মক চেষ্টা চালাবে।" ২০০৯ সালের এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার জন্য বাংলাদেশ ইতিমধ্যে আবেদন করে রেখেছে এশিয়ান হকি ফেডারেশনে (এএইচএফ)।
এই হকি কর্তার কথা অনুযায়ী এএইচএফ এবার নিরুৎসাহিত করেছে বড় দলগুলোকে। তারা হকির বিস্তারের কথা মাথায় রেখে উন্নয়নশীল দেশগুলোকে সুযোগ দিতে চায়। সেখানেই বাংলাদেশের সম্ভাবনা দেখছেন সাজেদ আদেল, "আমরা জানুয়ারি- ফেব্র"য়ারিতে এশিয়া কাপ হকি আয়োজনের প্রস্তাব দিয়েছি। তবে এএইচএফ বলেছে মে মাসে করার জন্য।" চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী জুলাইয়ে সিঙ্গাপুরে এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব চলাকালীন। তখন ওখানে বসবে এশিয়ান হকি ফেডারেশনের কংগ্রেস। তাতেই চূড়ান্ত হবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ হকির অয়োজক হতে পারবে কিনা। ১৯৮৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল।
এশিয়া কাপ হকির বাছাইপর্বে বাংলাদেশ অংশ নেবে। এশিয়ার সেরা ৬ দলকে বাইরে রেখে অনুষ্ঠেয় বাছাইপর্বের সেরা চার দল এশিয়া কাপে খেলার সুযোগ পাবে। শনিবারের সভায় সিঙ্গাপুরগামী বাংলাদেশ দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মাহবুব হারুনকে এবং তার ডেপুটি হিসেবে কাজ করবেন বরকত উল্লাহ চপল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24