ঢাকা, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনোয়ারউদ্দিন নামটায় বাঙালীর ছোঁয়া থাকলেও তিনি আপাদমস্তক একজন বৃটিশ ফুটবলার। তবে বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ, আর সেখানেই সম্ভাবনা তার বাংলাদেশ ফুটবল দলের জার্সি গায়ে মাঠে নামার। বাফুফে সভাপতি ওই সম্ভাবনার কথা স্বীকার করলেও আগামী মাসে কলম্বোয় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে ২৬ বছর বয়সী আনোয়ারের খেলার কোনো সম্ভাবনা নেই।
গত ৬ মে আনোয়ারউদ্দিন ঢাকায় আসেন ক্যানারি ওয়ার্ফের ফুটবল প্রশিক্ষণ দেখতে। বিকেএসপিতে প্রশিক্ষণ শিবিরের কিশোরদের সঙ্গে খেলতে খেলতে চারদিকে ছড়িয়ে পড়ে তার প্রোফাইলের গল্প। আনোয়ার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৬ ও ১৯ বছরের দলে খেলেছেন। ইংলিশ লিগ-২-এর দল ড্যাগেনহাম অ্যান্ড রেডব্রীজ দলে খেলেন এই ডিফেন্ডার। লিগ-২ বাংলাদেশের ফুটবলের মানদন্ডে তৃতীয় বিভাগ হলেও সেটা আমাদের ফুটবলের পেশাদার লিগের চেয়েও অনেকটা ওপরে। বাঙালী বাবার ঔরসে জন্ম নেওয়া আনোয়ারের এই কৃতিত্বে বাঙালী ফুটবল সংগঠকরাও গর্ব অনুভব করেন বৈকি। পাশাপাশি একটা স্বপ্নও উঁকি মারতে শুরু করে, তাকে যদি বাংলাদেশ দলে খেলানো যায়!
আনোয়ারউদ্দিনের নিজের উৎসাহেও কোনো কমতি নেই, "আমার বাবা প্রায় প্রতি বছর বাংলাদেশে আসেন। আমিও বাংলাদেশী পিতার সন্তান হিসেবে গর্বিত। বাংলাদেশ দলের হয়ে খেলতে আমার কোনো সমস্যা নেই।" আগামী মাসে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এরকম একজন ফুটবলার থাকলে দলের শক্তি অনেক বেড়ে যাওয়ার কথা। তবে সমস্যা হচ্ছে, ইনজুরির কারণে গত দুবছর মাঠের বাইরে কাটিয়েছেন আনোয়ার। এবং তার চেয়েও বড় বাধা জাতীয়তা, বাংলাদেশী বংশোদ্ভুত হলেও তিনি বৃটিশ নাগরিক। এই নিয়মের বেড়াজাল টপকে বাংলাদেশী নাগরিকত্ব দিয়ে তাকে খেলানো যায়। সেজন্য বাফুফে সদস্য ফজলুর রহমান বাবুলকে দায়িত্ব দিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "তাকে বাংলাদেশ দলে খেলানোর জন্য যা করণীয় দরকার তা আপনি করেন। আমার সর্বাত্মক সহযোগিতা পাবেন।"
তার বাবা শফিকউদ্দিনের বাড়ি সিলেটে। সেই সূত্রে আনোয়ারও বাংলাদেশের ফুটবল উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চান। বাফুফে সভাপতিকে আশ্বস্তও করেছেন তিনি, "বাংলাদেশের যুব ফুটবল উন্নয়ন ও ফুটবল নিয়ে অন্য যে কোনো প্রয়োজনে আমি সাহায্য করতে রাজি। আমি চাই এখানকার ফুটবল আরো উন্নতি করুক।" কিন্তু খেলোয়াড় হিসেবে বাংলাদেশে তার প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য নিজের ক্লাব ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তিনি। তখনই বাফুফে সভাপতি বলেছেন, "সাফ ফুটবলে না হলেও ভবিষ্যতে যেন আমরা তাকে খেলাতে পারি সেই প্রক্রিয়া শুরু করা যায়।" অবশ্য ফিফার কিছু নিয়ম-কানুন আছে। সেটা হচ্ছে নাগরিকত্বের বয়স ৬ মাস পার হওয়ার পরই কেবল কেউ সংশ্লিষ্ট দেশের হয়ে মাঠে নামতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৫৯ঘ.
bdnews24