মাদ্রিদ, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন ম্যাচ হাতে রেখেই রিয়াল মাদ্রিদ স্প্যানিশ প্রিমেরা লিগা জয় নিশ্চিত করায় এ ম্যাচ অনেকটা আকর্ষণই হারিয়ে বসেছিল। তবুও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ বলে কথা! স্প্যানিশ মিডিয়া তো কবেই এর নাম দিয়েছে 'এল ক্লাসিকো' বা 'দ্য ক্লাসিক'। বুধবার রাতে রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয়েছে আরেকটি 'এল ক্লাসিকো'। তাতে চিরপ্রতিদ্বন্দি বার্সেলোনাকে ১-৪ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ।
প্রিমেরা লিগা জেতার সম্ভাবনা আগেভাগেই শেষ হয়ে গেলেও এ ম্যাচে কিন্তু একটা লক্ষ্যপূরণের মিশন বার্সেলোনারও ছিল। জিতলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিয়ে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পেয়ে যেতো। ম্যাচ দেখে অবশ্য বার্সার তেমন কোনো লক্ষ্য ছিল বলে মনেই হয়নি। একেবারে শেষ ১০ মিনিট বাদ দিলে ফ্রাঙ্ক রাইকার্ডের দলকে চেনা গেছে শুধু খেলোয়াড়দের জার্সি আর চেহারাগুলো দেখে। সে চেহারায় সারাক্ষণই ছিল শুধু হতাশা আর হতাশা। কারণও আছে। নিজের মাঠে রিয়াল একেবারে কোণঠাসা করে রেখেছিল তাদের। ম্যাচের ১২ মিনিটেই গুতি আর ওয়েসলি স্নেইডারের ওয়ান-টু থেকে বল পেয়ে বাঁকানো শটে টানা দুবারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন রাউল। তারপর বার্সা কোথায় গা ঝাড়া দিয়ে উঠবে, তা নয়, বরং সাসপেনশনের জন্য স্যামুয়েল এ'তো আর ডেকো, ইনজুরির জন্য গ্যাব্রিয়েল মিলিতো আর আন্দ্রেস ইনিয়েস্তা খেলতে না পারায় তারা যে কতটা অবিন্যস্ত আর হতোদ্যম হয়ে পড়েছে সেটা পরিস্কার বোঝা গেল তাদের পারফরম্যান্স দেখে।
২১ মিনিটে গুতির ফ্রি কিকে হেড করে বার্সা গোলকিপার ভিক্টর ভালদেসকে দ্বিতীয়বারের মতো হার মানতে বাধ্য করেন ডাচ উইঙ্গার আরিয়েন রবেন। প্রথমার্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি রিয়াল। সর্বশেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে জয়সূচক গোল করা হিগুয়াইন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই (৬৩ মিনিটে) ৩-০ তে এগিয়ে দেন প্রিমেরা লিগার ৩১ বারের চ্যাম্পিয়নদের। বার্সার কফিনে শেষ পেরেকটি ঠোকেন রুড ফন নিস্টলরয়। ৭৭ মিনিটে কার্লোস পুয়োলের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি। অ্যাঙ্কেল ইনজুরি কাটিয়ে ৬ সপ্তাহ পর মাঠে ফেরা উদযাপন করার এ সুযোগ মিস করেননি ডাচ স্ট্রাইকার।
শেষ দিকে মিনিট দশেক ক্যাটালানরা নিজেদের ফিরে না পেলে ম্যাচের ফলাফল ৪-০ই হতো। কিন্তু ৮৮ মিনিটে থিয়েরি অঁরি ব্যবধান কমানোর একটা সুযোগ কাজে লাগানোয় তা আর হয়নি।
বুধবার দুদিক থেকে কপাল পুড়েছে বার্সার। নিজেরা লজ্জাজনকভাবে হেরেছে রিয়ালের কাছে, অন্যদিকে ভিলারিয়াল ২-০ গোলে রিক্রিয়েটিভোকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান পাকা করে নিয়েছে। দু ম্যাচ বাকি থাকতেই ৮১ পয়েন্ট নিয়ে রিয়ালের চ্যাম্পিয়নশিপ জয়, ৭১ পয়েন্ট নিয়ে ভিলারিয়ালের রানার্সআপ আর ৬৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনার তৃতীয় হওয়াটা নিশ্চিত। তার মানে আগামীবছর চ্যাম্পিয়নস লিগ খেলবে রিয়াল মাদ্রিদ আর ভিলারিয়াল। সর্বশেষ সাত ম্যাচের মাত্র একটিতে জিতে তৃতীয় হওয়ায় বার্সেলোনাকে এখন চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব খেলতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৫২২ ঘ.
bdnews24