মাদ্রিদ, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বার্সেলোনায় ফ্র্যাঙ্ক রাইকার্ডের দিন কি ফুরিয়ে এলো? 'বার্সা' টানা দুই মৌসুম শিরোপাবিহীন থাকায় সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যাচ্ছে না। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে যাওয়ার পর রাইকার্ড অবশ্য বলেছিলেন কোচের পদ থেকে এখনই সরে দাঁড়াবেন না তিনি। দলের সঙ্গে তার চুক্তিও ২০০৯ সাল পর্যন্ত। কিন্তু স্প্যানিশ মিডিয়ায় ভিন্ন খবর। তাদের দাবি এ মৌসুম শেষে রাইকার্ডকে প্রথম দলের কোচের পদ থেকে সরিয়ে দায়িত্বটা নাকি দেয়া হবে বার্সেলোনার সাবেক অধিনায়ক ও বর্তমানে 'বি' দলের কোচ পেপ গার্দিওলাকে!
স্পেনের কয়েকটি পত্রিকা জানিয়েছে সোমবার বার্সেলোনার প্রতিনিধি কমিশনের এক মিটিংয়ে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর জিকি বেগিরিস্তেইন রাইকার্ডকে সরিয়ে গার্দিওলাকে দায়িত্ব দেয়ার সুপারিশ করেছেন। বার্সেলোনার ক্রীড়া দৈনিক 'স্পোর্ট' জানিয়েছে সিদ্ধান্তটা অনুমোদনের জন্য কমিশনের বাকি সদস্যদের কাছে পাঠানো হবে। এবং এই মৌসুমশেষেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিদ্ধান্তটা। যদিও মৌসুম শেষ না হওয়া পর্যন্ত কোচের পদে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে কোনো রকম মন্তব্য করতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ।
নব্বইয়ের দশকে ডাচ 'গ্রেট' ইয়োহান ক্রুইফের অধীনে থাকা বার্সেলোনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মিডফিল্ডার গার্দিওলা। 'ড্রিম টিম' নামে পরিচিত সেই দলটি ১৯৯১ থেকে '৯৪ পর্যন্ত টানা চার বার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় চ্যাম্পিয়ন হয়েছিল, '৯২তে জিতেছিল ইওরোপিয়ান ক্লাব কাপের (এখনকার চ্যাম্পিয়ন্স লিগ) শিরোপা। '৯২এর বার্সেলোনা অলিম্পিকে ফুটবলে সোনাজয়ী স্পেন দলের সদস্য গার্দিওলা জাতীয় দলের পক্ষে ৪৭টি ম্যাচও খেলেছিলেন।
২০০১ সালে বার্সেলোনা ছেড়ে ইতালিয়ান সিরি 'এ'র দল ব্রেশিয়ায় যোগ দিলেও সেখানে তার একদমই ভালো কাটেনি। সেই বছরের নভেম্বরে নিষিদ্ধ ড্রাগ ন্যানড্রোলন নেয়ার অভিযোগে চার মাসের জন্য সাসপেন্ডও হয়েছিলেন তিনি। গার্দিওলা অবশ্য সব সময়ই অভিযোগটা অস্বীকার করেছেন, আদালতের দ্বারস্থ হয়ে গত অক্টোবরে মুক্তিও পেয়েছেন এই অভিযোগ থেকে। তারও প্রায় এক বছর আগে ২০০৬এর নভেম্বরে কাতার ও মেক্সিকোয় কয়েক মৌসুম কাটিয়ে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি। আর গত বছরের জুনে দায়িত্ব পান বার্সেলোনা 'বি' দলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.
bdnews24