ঢাকা, ৫মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশের এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে প্রথম ম্যাচেই। সোমবার তারা গোলশূন্য ড্র করেছে আফগানিস্তানের সঙ্গে।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সঙ্গে জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ এবং সেটাই ছিল স্বাভাবিক। কিন্তু কিরঘিজিস্তানের স্পার্টাক স্টেডিয়ামে অনুষ্ঠিত 'সি' গ্র"পের প্রথম ম্যাচে দেখা গেছে বদলে যাওয়া এক আফগান ফুটবল দলকে। জার্মান কোচের অধীনে পুর্নগঠিত হওয়া দলটি প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে। এবং পঞ্চম মিনিটে দারুন এক সুযোগ তৈরি করেন ওবায়দুল্লাহ করিমি, তার শট ক্রসবার উঁচিয়ে না গেলে হয়তো কেঁপে উঠতো বাংলাদেশ শিবির।
বাংলাদেশও অবশ্য এগিয়ে যেতে পারতো ৫৮ মিনিটে। কিন্তু সৌভাগ্য সঙ্গী হয়নি জাহিদ হাসানের, তার শটটি ফিরে আসে আফগান পোস্টে লেগে। এছাড়া বাংলাদেশ আরো দু-একবার আক্রমণ করলেও কোনো ফল পায়নি।
প্রতিপক্ষ অবশ্য ফল পাওয়ার অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ৬৮ মিনিটে এক আফগান ফরোয়ার্ড বল বাংলাদেশের জালে জমা করে দিলেও রেফারির অফসাইডের বাঁশিতে তা বাতিল হয়ে যায়। তার আগে ৩৪ মিনিটে আরেকবার বিতর্ক সৃষ্টি হয় বাংলাদেশের গোলরক্ষক আমিনুল গোললাইনের ভেতর থেকে বল কুড়িয়েছেন মনে হওয়ায়। কিন্ত রেফারি আফগান মিডফিল্ডার বশির আজিমির গোল-উৎসব থামিয়ে দেন। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ আবু ইউসুফও আফগানিস্তানের খেলার প্রশংসা করেছেন, "আফগানিস্তান এত উঁচু মানের ফুটবল খেলবে আমি আশা করিনি। দুর্ভাগা বলেই তারা পুরো পয়েন্ট পায়নি।"
তাহলে ভাগ্যকেই ধন্যবাদ দিতে হবে বাংলাদেশের। অবশ্য অন্য একটি অঘটন ঘটে গেছে এই ম্যাচে। ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সৈকত মাঠ ছেড়ে যাওয়ায় শেষ দুই মিনিট ১০ জনের দলে পরিণত হয়েছিল বাংলাদেশ।
৯ মে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে স্বাগতিক কিরঘিজস্তানের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪০ঘ.
bdnews24