২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ লিগ জিতে নিল রিয়াল মাদ্রিদ

তিন রাউন্ড বাকি থাকতেই স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতের ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার সফলতম দলটি নিশ্চিত করেছে তাদের ৩১তম শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 04:19 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

মাদ্রিদ/বার্লিন, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিন রাউন্ড বাকি থাকতেই স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতের ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার সফলতম দলটি নিশ্চিত করেছে তাদের ৩১তম শিরোপা। অন্যদিকে জার্মান 'বুন্দেসলিগা'র শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। রোববার ভিএফএল উলফসবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করায় রিয়ালের মতোই তিন ম্যাচ হাতে রেখে ২১তম শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন। রোববারের জয়টা অবশ্য মোটেই সহজ হয়নি রিয়ালের জন্য। আগের ম্যাচের মতোই উৎসবের প্রস্তুতি নিয়ে মাঠে এসেছিল তাদের সমর্থকরা। তবে খেলতে নামার আগেই তারা জেনে গিয়েছিল প্রতিপক্ষের মাঠে এই ম্যাচটা জিততে না পারলে অপেক্ষার প্রহর দীর্ঘ হবে আরো। কারণ দ্বিতীয় স্থানে থাকা ভিলারিয়াল নিজেদের ম্যাচে গেটাফেকে ২-০ গোলে হারিয়ে যথারীতি চাপটা ধরে রেখেছিল গতবারের চ্যাম্পিয়নদের ওপর। ওসাসুনার মাঠে নেমে সেই উৎকণ্ঠা কমিয়ে দেয়ার বদলে বরং আরো বাড়িয়ে তুলেছিল রিয়াল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই লালকার্ড দেখে মাঠ ছেড়েছেন তাদের তারকা ডিফেন্ডার ফ্যাবিও ক্যানাভারো। শেষ বাঁশির মাত্র ৮ মিনিট বাকি থাকতে পেনাল্টি থেকে প্যাটক্সি পিউনালের গোলে ওসাসুনা এগিয়ে যাওয়ার পর তো মনে হচ্ছিল ইতালিয়ান সিরি 'এ'র মতো জমে উঠতে যাচ্ছে লা লিগাও! কিন্তু সেটা হয়নি গনজালো হিগুয়েইনের কারণে। ওই আট মিনিটের মধ্যেই ম্যাচের ভাগ্য পাল্টে দিয়েছেন রিয়ালের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিন মিনিট বাকি থাকতে তার নেয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে দলকে সমতায় ফিরিয়েছেন ডাচ ফরোয়ার্ড অ্যারিয়েন রোবেন, আর দু মিনিট পর হিগুয়েন নিজেই করেছেন জয়সূচক গোলটি। এই জয়ে ৩৫ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ এখন ৭৮ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিলারিয়াল তাদের চেয়ে ১০ পয়েন্ট পেছনে। তাই শেষ তিন ম্যাচ হেরে গেলেও কোনো সমস্যা নেই রিয়ালের। একে তো তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করা, তার ওপরে কোচ হিসাবে প্রথম কোনো গুরুত্বপূর্ণ ট্রফি জয়। ম্যাচ শেষে তাই প্রতিক্রিয়া জানানোর ভাষা খুঁজে পেতেই সমস্যা হচ্ছিল বার্নড শুস্টারের। উচ্ছ্বাসে ভেসে যেতে, যেতে রিয়ালের কোচ কোনো মতে জানালেন তার আনন্দানুভূতি, "ব্যাপারটা অনেকটা সেই সব খেলাবিষয়ক মার্কিনি চলচ্চিত্রের মতো। যেখানে অনেক লড়াই ও যন্ত্রণা শেষে আপনি পাবেন এক মধুর সমাপ্তি। আমরা এখন এই মুহূর্ত উপভোগ করবো, মাদ্রিদে ফিরে আমাদের সমর্থকদের সঙ্গে শিরোপা জয়টা উদযাপন করবো। বুধবার বার্নাব্যুতে বার্সেলোনার মুখোমুখি হওয়ার সময়টা দারুণ কাটবে আমাদের।" শুস্টারের শেষ কথাটায় চিরপ্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে এক প্রচ্ছন্ন ব্যঙ্গ। আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া বার্সেলোনা অবশ্য রোববার বিশাল জয় পেয়েছে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তারা ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে। দুটো করে গোল করেছেন থিয়েরি অঁরি ও বোজান কিরকিচ। অন্য গোল দুটো লিওনেল মেসি (পেনাল্টি থেকে) ও জাভির। গত ৬ ম্যাচে প্রথম জয় পাওয়ার সুবাদে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে 'বার্সা'। গত মাসে জার্মান কাপ জয় করায় বায়ার্ন মিউনিখের সামনে 'ডাবল' জয়ের হাতছানি ছিল। সুযোগটা হাতছাড়া করেনি জার্মানির সফলতম ক্লাব। উলফসবার্গের মাঠে প্রয়োজনীয় একটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে তারা মেতে উঠেছে শিরোপা জয়ের উৎসবে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্ডার ব্রেমেনের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকার জন্যই শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে বায়ার্নের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/১৩০৮ঘ.