ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ফুটবল এখনো অগোছালো। তাদের বিপক্ষে সোমবার এএফসি চ্যালেঞ্জ কাপের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে বিকেল সাড়ে ৫টায় কিরঘিজস্তানে অনুষ্ঠেয় এই ম্যাচে বাংলাদেশই ফেভারিট।
পরিসংখ্যানও একই সাক্ষ্য দিচ্ছে। এর আগে দুটো ম্যাচে বাংলাদেশ হারিয়েছে আফগানিস্তানকে। ১৯৭৯ সালে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচ দুটিতে তারা ২-১ ও ৪-২ গোলে জিতেছিল। তাছাড়া ফিফা র্যাঙ্কিয়েও আফগানিস্তান ১৯৬-তম স্থানে। তবে যুদ্ধবিধ্বস্ত এই দেশের ফুটবল উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এএফসি। তাদের এইড-২৭ প্রোজেক্টের কল্যাণে আফগান ফুটবল পুনর্গঠনের কাজ করছেন ১১ জন জার্মান কোচ। আর বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী এই ফুটবল উন্নয়নশীল দলটি কয়েক মাস জার্মানিতে প্র্যাকটিস করেছে।
তুলনায় বাংলাদেশের ফুটবল অনেক গোছানো হলেও ঠিক ঐতিহ্যের ধারাবাহিকতার প্রমাণ মেলে না খেলায়। বরং এখন অনেকখানি নাজুক অবস্থা বাংলাদেশের, সেজন্য এএফসি চ্যালেঞ্জ কাপের বাছ্ইাপর্ব উতরানোর টার্গেটের কথা প্রকাশ্যে বলে যেতে পারেননি নতুন কোচ আবু ইউসুফ। তবে তিনি গ্যারান্টি দিয়ে গেছেন, "দল হিসেবে বাংলাদেশ ভাল খেলবে, এটা আমার বিশ্বাস। আশা করি দলের সবাই সমান তালে ওপরে-নীচে ওঠানামা করে খেলতে পারবে।" এক মাস প্র্যাকটিসের মাধ্যমে দল তৈরি করা হলেও বরাবরের মতো প্র্যাকটিস ম্যাচ ছাড়াই কিরঘিজিস্তান গেছে বাংলাদেশ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩০ঘ.
bdnews24