ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ম্যাচের প্রথম মিনিটে মারাত্মক ফাউল করেও শেষ পর্যন্ত বেঁচে গেলেন বাফুফের নতুন সভাপতি। কথিত "ভুল বোঝাবুঝি" সামলে নিয়ে কাজী সালাউদ্দিন আবার সহজ-স্বাভাবিক খেলায় ফিরেছেন। ফিরেছেন মাঠের খেলা প্রসঙ্গে, আগামী ১৫ মে থেকে বি. লিগের দলবদল শুরু করতে তিনি বদ্ধপরিকর।
শনিবার বিকেলে বাফুফে ভবনে বসে নতুন সভাপতি বলেছেন, "যেভাবে হোক ১৫ মে থেকে দলবদল শুরু করতেই হবে।" এর আগে তিনি এ নিয়ে দীর্ঘ আলোচনা সেরে নেন সিনিয়র সভাপতি সালাম মুর্শেদী, দুই সহ সভাপতি বাদল রায় ও মনজুর হোসেন মালুর সঙ্গে। "মাঠের খেলাটা কীভাবে শুরু করা যায় সে নিয়েই আলোচনা করছিলাম আমরা। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে, আমাদের ক্লাবগুলোর আর্থিক অবস্থা ভালো নয়। এর মধ্যেও কীভাবে ভালো কিছু করা যায় সে চেষ্টাই করবো।" তাড়াতাড়ি দলবদল শুরু করা অবশ্য বাফুফের নতুন কমিটির নতুন কর্মসূচি নয়। আন্দোলনের মুখে গত কমিটিই ১৫ মে থেকে দলবদলের আশ্বাস দিয়েছিল ফুটবলারদের।
শুধু দলবদলের সিদ্ধান্ত নয়, আগের কমিটির যা কিছু ভালো তার সব গ্রহন করতেও কোনো আপত্তি নেই সালাউদ্দিনের। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান বাফুফে কর্মচারীদের মধ্যে যোগ্য লোকও যে আছে তা স্বীকার করে নিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেয়ার নির্দেশনাকে "ভুল বোঝাবুঝি" বলে আখ্যা দিয়েছেন। "আমি কাদের নিয়ে কাজ করবো, কার কী যোগ্যতা সেটা যাচাই করতে চেয়েছি। কোথায় আমার লোক লাগবে , সোজাকথা বাফুফের মানব-সম্পদের কী অবস্থা সেটাই জানতে চেয়েছি। এজন্য সবাইকে বায়োডাটা দিতে বলা হয়েছে"--- এভাবেই নিজের তৈরি 'পদত্যাগপত্র বিতর্ক' চাপা দিলেন নতুন সভাপতি।
ওই বিতর্ক জন্ম দেওয়ার দিন অবশ্য অনেকের মতে একটি ভালো কাজও করেছেন সালাউদ্দিন। কিরঘিজিস্তানগামী বাংলাদেশ দলের অংশ হয়ে থাকা বিতর্কিত আমীরুল ইসলাম বাবুকে কৌশলে বাদ দিয়ে কোচ আবু ইউসুফকে দিয়েছেন কোচ-কাম ম্যানেজারের দায়িত্ব। এ প্রসঙ্গে সভাপতির কথা, "ম্যানেজারের অবশ্যই একটি কোচিং লাইসেন্স থাকতে হবে। এটা আমার কথা নয়, এএফসি-ফিফাও বলে।" এ ঘটনায় কারো কারো মনে হতে পারে,আগের অবস্থানে এখনো সালাউদ্দিন অটল। তাকে বাদ দিয়ে বাবুকে ম্যানেজার করা নিয়ে সৃষ্ট বিরোধেই বছর দুয়েক আগে বাফুফে থেকে পদত্যাগ করেছিলেন সালাউদ্দিন।
সেবারের মতো এবারও একটি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি তৈরি করছেন কাজী সালাউদ্দিন। সেই কমিটিই দলের খেলোয়াড় ও ম্যানেজারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া বেশ কয়েকটি উপ-কমিটি করারও সিদ্ধান্ত আগামী কিছুদিনের আসবে বলে জানালেন বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এই তারকা। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেছেন, "সালাউদ্দিন ভাই চান ফুটবলের বিকেন্দ্রীকরণ। একজন-দুজনে সব কাজ করা যাবে না, তাই আলাদা আলাদা কমিটি করে দেওয়া হচ্ছে। উপ-কমিটিগুলো দায়বদ্ধ থাকবে বাফুফের নির্বাহী কমিটির কাছে।"
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়ও চেয়েছে বাফুফের নতুন কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১৪৬ ঘ.
bdnews24