২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনসহ বাফুফের নতুন কমিটিকে ফিফা সভাপতির অভিনন্দন

বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের জয়কে বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দিয়ে নতুন বাফুফে সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের জয়কে বাংলাদেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দিয়ে নতুন বাফুফে সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। এক চিঠিতে সেপ ব্ল্যাটার জানান একটা বিশেষ কারণে বাফুফে সভাপতি পদে সালাউদ্দিনের এই জয় তার কাছে ভীষন আনন্দের। কারণটা আর কিছু নয়, সালাউদ্দিন একজন সাবেক ফুটবলার আর ফুটবলারের হাতেই উঠেছে ফুটবলের নেতৃত্ব। ফুটবল ও ফুটবলারের এই অবিচ্ছেদ্য সম্পর্কটায় যে ব্ল্যাটারেরও বিশ্বাস আছে! গত ৩০ এপ্রিল পাঠানো চিঠিতে ফিফা সভাপতি বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার সোনালী অতীতের কথাও উল্লেখ করেছেন। বাংলাদেশ ফুটবল দলকে নেতৃত্ব দেওয়া এবং কোচ হিসেবে ক্লাব ও জাতীয় দলে দায়িত্ব পালন করা সালাউদ্দিনের নতুন যাত্রায় সাফল্য কামনা করেছেন তিনি। এছাড়া স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেছেন ফিফা সেপ ব্ল্যাটার। ফিফার পক্ষ থেকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেয়া এ চিঠিতে বাফুফের পুরো ২১ সদস্যের কমিটিকেই অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২২৩০ ঘ.