ঢাকা, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য শেষ হওয়া নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ এখনো কাটেনি, অথচ এরই মাঝে চাকরি হারানোর আশঙ্কা নিয়ে দিন কাটাতে শুরু করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর ২২ জন কর্মকর্তা-কর্মচারি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাফুফের নবনির্বাচিত সহ-সভাপতি মনজুর হোসেন মালু তাদের বলেছেন সভাপতি কাজী সালাউদ্দিন চান তারা যেন শনিবারের মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে দেন। মালু'র এ কথায় চাকরি হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মকর্তা-কর্মচারিদের মাঝে।
শুক্রবার বাফুফের ওই কর্মচারি আরো জানান, উল্লেখিত ২২ জনের বাইরে লিগ কমিটির ১০-১২ জন কর্মকর্তা-কর্মচারিকেও চাকরি ছেড়ে দিতে বলেছেন মালু। তবে বাফুফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কর্নেল (অব.) এম ওবায়দুল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তাকে এখন পর্যন্ত কেউ পদত্যাগপত্র জমা দেয়ার কথা না বললেও এমন একটা কথা তিনি শুনেছেন।
এদিকে নবনির্বাচিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন তিনি ঢালাওভাবে কাউকে পদত্যাগপত্র জমা দিতে বলেননি, " নতুন কমিটির সঙ্গে যারা কাজ করতে চান না আমি শুধু তাদেরকেই পদত্যাগ করতে বলেছি। সেরকম কেউ থাকলে পদত্যাগ করতে পারেন, কারণ, নতুন কমিটি তাদের পছন্দ না-ও হতে পারে।"
তবে যিনি কর্মকর্তা-কর্মচারিদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার পথ বাতলে দিয়েছেন বলে অভিযোগ, সেই মনজুর হোসেন মালুর মুখে একেবারে অন্য কথা। তার দাবি, কাউকে পদত্যাগপত্র জমা দেয়ার কথা তিনি মুখেই আনেননি, " আমি শুধু বলেছি, সভাপতি (সালাউদ্দিন) কর্মকর্তা-কর্মচারিদের সম্পর্কে জানতে চেয়েছেন, তাই তারা যেন নিজ নিজ দায়িত্বের বিবরনীসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (বায়োডাটা) জমা দেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসি/২১০৫ ঘ.
bdnews24