২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নিয়েই ফাইনালে চেলসি

নাটকীয় জয়টা দিয়ে এক সঙ্গে দুটো লক্ষ্য পূরণ হলো চেলসির। এক. গত তিন মৌসুমে দু বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে পরাজয়ের প্রতিশোধ। এবং দুই. প্রথম বারের মতো ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে উত্তরণ। বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসি ৩-২ গোলে হারিয়েছে লিভারপুলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 02:56 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

লন্ডন, ১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাটকীয় জয়টা দিয়ে এক সঙ্গে দুটো লক্ষ্য পূরণ হলো চেলসির। এক. গত তিন মৌসুমে দু বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুলের কাছে পরাজয়ের প্রতিশোধ। এবং দুই. প্রথম বারের মতো ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের ফাইনালে উত্তরণ। বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসি ৩-২ গোলে হারিয়েছে লিভারপুলকে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে 'ব্লূজ'-এর জয়ের প্রধান নায়ক দিদিয়ের দ্রগবা। তিন গোলের দুটোই আইভরি কোস্টের এই তারকা স্ট্রাইকারের। পেনাল্টি থেকে অন্য গোলটা করেছেন মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। লিভারপুলের গোল দুটো ফার্নান্দো তরেস এবং অতিরিক্ত সময়ে তরেসেরই বদলি হিসাবে নামা রায়ান বাবেলের। আগামী ২১ মে মস্কোতে অনুষ্ঠেয় ফাইনালে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রথম বারের মতো দুটো ইংলিশ ক্লাব ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। গত সপ্তাহে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে প্রথম লেগ অমীমাংসিত ছিল ১-১ গোলে। বুধবারও নির্ধারিত ৯০ মিনিট শেষে একই ফল হওয়ায় খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। তার আগে দুই অর্ধের লাগাম ছিল দুই দলের হাতে। প্রথমার্ধে চেলসির প্রাধান্য থাকলেও বিরতির পর একের পর এক আক্রমণ করে স্বাগতিকদের ডিফেন্সকে দিশেহারা করে ফেলে লিভারপুলের আক্রমণভাগ। দ্রগবা দু গোল করে জয় নিশ্চিত করলেও চেলসির সমর্থকদের দৃষ্টি ছিল দু জনের দিকে। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুই গোল করে চেলসিকে ২-১ ব্যবধানে জয় এনে দেয়া মাইকেল বালাক এবং তার ঠিক দু দিন আগে মায়ের মৃত্যুর জন্য সেই ম্যাচ মিস করা ল্যাম্পার্ড। বুধবার ল্যাম্পার্ডই ছিলেন চেলসির প্রথম গোলের উৎস। ৩৩ মিনিটে তার পাস ধরে বক্সের মধ্যে ঢুকে পড়ে জোরালো শট নিয়েছিলেন সলোমন কালু। লিভারপুল গোলকিপার পেপে রেইনা সেটা ঠেকালেও দ্রগবার দুর্দান্ত শটটা ফেরাতে পারেননি (১-০)। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও আর গোলের দেখা পায়নি চেলসি। কিন্তু বিরতির পরই ম্যাচের ভিন্ন চেহারা। চ্যাম্পিয়ন্স লিগের 'অদম্য' দল হিসাবে পরিচিত লিভারপুল দ্বিতীয়ার্ধের শুরু থেকে একের পর এক আক্রমণ করে ফাটল ধরিয়ে দেয় প্রতিপক্ষের রক্ষণভাগে। তারই সুফল 'অলরেড'রা পায় ৬৪ মিনিটের সময়। ইসরাইলি মিডফিল্ডার ইয়োসি বেনায়ুন চেলসি ডিফেন্সকে হতভম্ব করে দিয়ে রিকার্ডো কার্ভালহোর দু পায়ের ফাঁক দিয়ে বল বাড়ান তরেসের উদ্দেশে। তরেসও সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি, প্রতিপক্ষ গোলকিপার পিয়েতর চেকের হাতের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে (১-১)। স্ট্যামফোর্ড ব্রিজে আগের আট সফরে গোল না পাওয়ায় লিভারপুলের উল্লাসের মাত্রাটা একটু বেশিই ছিল। এ মৌসুমে তরেসের ৩১তম গোলের জন্যই খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়ের প্রথমার্ধে 'অলরেড'দের বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি। শুরু থেকে আক্রমণের ঢেউ তুলে ৯৬ মিনিটে লিভারপুলের জালে বলও পাঠিয়েছিলেন মাইকেল এসিয়েন। কিন্তু অফসাইডের অজুহাতে গোলটা বাতিল করে দেন রেফারি। তবে তার ঠিক দু মিনিট পর বালাককে স্যামি হিপিয়া ফাউল করায় পেনাল্টি পায় চেলসি। তা থেকেই গোল করে কান্নায় ভেঙ্গে পড়েন গত বৃহস্পতিবার মাকে হারানো ল্যাম্পার্ড। ১০৫ মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ের প্রথমার্ধের অন্তিম মুহূর্তে বদলি নিকোলাস আনেলকার ক্রস থেকে দারুণ চাতুর্যের সঙ্গে গোল করে ব্যবধানটা ৩-১এ নিয়ে যান দ্রগবা। তবে টুর্নামেন্টের পাঁচ বারের এবং ২০০৫ সালের চ্যাম্পিয়ন লিভারপুল হাল ছেড়ে দেয়নি। ম্যাচে ফেরার চেষ্টা করেছে বার বার। সেই সব চেষ্টারই সুফলই তারা পেয়েছে বাবেলের মাধ্যমে। ১১৭ মিনিটে প্রায় ৪০ মিটার দূর থেকে নেয়া তার দারুণ এক শট ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেন চেক (৩-২)। গোলটা লিভারপুল সমর্থকদের আশান্বিত আর চেলসি-ভক্তদের আশঙ্কিত করলেও বাকি সময়ে আর কোনো নাটকীয়তার জন্ম হয়নি। আর হয়নি বলেই ২০০৫ ও গত বার সেমিফাইনালেই লিভারপুলের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে পেরেছে চেলসি, প্রথম বারের মতো পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে। ম্যাচশেষে যে অর্জনের আনন্দ ভাষায় প্রকাশ করতেও কষ্ট হচ্ছিল তাদের জয়ের নায়ক দ্রগবার, "ব্যাপারটা সত্যিই বিস্ময়কর! আজ (বুধবার) আমরা খুব ভালো খেলেছি। আমি সত্যিই খুব তৃপ্ত। কারণ অনেক দিন ধরে এই ফাইনালের দিকে আমরা অধীর আগ্রহে তাকিয়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৩০ঘ.